ভারত-কিউয়ি মেগা ফাইনাল: আকাশছোঁয়া বিমান ভাড়া? চিন্তা নেই, আমেদাবাদের জন্য স্পেশাল ট্রেন আনল রেল!

আগামী রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর হাইভোল্টেজ ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। গতবারের চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবদের লক্ষ্য এবার খেতাব ধরে রাখা। এই মেগা ম্যাচ ঘিরে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে মুম্বই ও সংলগ্ন এলাকার হাজার হাজার ক্রিকেটপ্রেমী আমেদাবাদ পাড়ি দেওয়ার তোড়জোড় শুরু করেছেন। বিমানের টিকিটের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ দর্শকদের সুবিধার্থে একজোড়া বিশেষ সুপারফাস্ট ট্রেন চালানোর ঘোষণা করল পশ্চিম রেল (Western Railway)।

বিশেষ ট্রেনের সময়সূচি ও রুট: পশ্চিম রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বই সেন্ট্রাল ও আমেদাবাদ স্টেশনের মধ্যে এই বিশেষ ট্রেনগুলি চলবে।

  • তেজস এসি সুপারফাস্ট (০৯০২৭/০৯০২৮): শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে মুম্বই সেন্ট্রাল থেকে ছেড়ে রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে আমেদাবাদ পৌঁছাবে। ফিরতি পথে সোমবার ভোর ৩টেয় আমেদাবাদ থেকে ছেড়ে ওইদিন সকাল ১১টা ১৫ মিনিটে মুম্বই সেন্ট্রাল পৌঁছাবে। এই ট্রেনে ফার্স্ট এসি, সেকেন্ড এসি ও থার্ড এসি কামরা থাকছে।

  • এসি স্পেশাল (০৯০২১/০৯০২২): রবিবার সকাল ৬টা ২০ মিনিটে মুম্বই সেন্ট্রাল থেকে ছেড়ে ওইদিনই দুপুর ১২টা ৪০ মিনিটে আমেদাবাদ পৌঁছাবে। ফিরতি ট্রেনটি ফাইনাল শেষে রবিবার রাত ৩টে ১০ মিনিটে আমেদাবাদ ছেড়ে সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে মুম্বই পৌঁছাবে।

বুকিং আপডেট: শনিবার রাতের ট্রেনের বুকিং শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে। রবিবারের বিশেষ ট্রেনের বুকিং শুরু হবে শনিবার সকালে। রেল আধিকারিকদের মতে, বিমানের চড়া ভাড়ার হাত থেকে বাঁচতে এই বিশেষ ট্রেনগুলি দর্শকদের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। আইআরসিটিসি (IRCTC) কাউন্টার ও ওয়েবসাইট থেকে দ্রুত টিকিট বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে।