সংস্কৃতির নামে অশ্লীলতা? বাদশাকে কড়া সমন রেণু ভাটিয়ার, র‍্যাপারের নয়া গান ঘিরে তোলপাড় নেটপাড়া!

ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় র‍্যাপার-গায়ক বাদশা। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর নতুন হরিয়ানভি গান ‘তাতেরি’-তে নারীদের নিয়ে আপত্তিকর ও কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগে তাঁকে সমন জারি করল হরিয়ানা রাজ্য মহিলা কমিশন (HSCW)। কমিশনের চেয়ারপার্সন রেণু ভাটিয়ার অভিযোগ, এই গানের কথা কেবল অশ্লীলই নয়, তা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং নারীত্বের শালীনতাকে চূড়ান্তভাবে অপমান করেছে।

পয়লা মার্চ গানটি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাওয়ার পরেই শুরু হয় বিতর্ক। অভিযোগ উঠেছে, গানের কথাগুলোতে নারী ও নাবালিকাদের অত্যন্ত কুরুচিকরভাবে উপস্থাপন করা হয়েছে। পানিপথের পুলিশ সুপারিনটেনডেন্টের কাছে ‘নারী তু নারায়ণী’ উত্থান সমিতি এবং শিব আরতি ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগকারী সাবিতা আর্য ও শিব কুমার দাবি করেছেন, এই ধরনের শব্দভাণ্ডার যুবসমাজের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

কমিশন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আগামী ১৩ মার্চ সকাল ১১:৩০ মিনিটে পানিপথের ডিসি অফিসের কনফারেন্স হলে এই মামলার শুনানি হবে, যেখানে আদিত্য প্রতীক সিং সিসোদিয়া ওরফে বাদশাকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রেণু ভাটিয়া, যিনি নিজে পূর্বে সেন্সর বোর্ডের সদস্য ছিলেন, তিনি প্রশ্ন তুলেছেন—কীভাবে এই ধরণের অশ্লীল শব্দযুক্ত গান সেন্সর বোর্ডের নজর এড়িয়ে প্রকাশ্যে এল? বাদশার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এই গানে হরিয়ানার নিজস্ব সংস্কৃতির সঙ্গে হিপ-হপ মেশানো হয়েছে। তবে বক্সিং চ্যাম্পিয়ন সিমরান জগলানকে ফিচারে এনেও গানের ‘অশালীন’ কথা নিয়ে হওয়া বিতর্ক এড়ানো সম্ভব হলো না।