রোহিত-বিরাট নন, এবার সঞ্জু ম্যাজিকে কুপোকাত ইংল্যান্ড! সেমিতে বিধ্বংসী ৮৯ রানের নেপথ্য রহস্য কী?

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্রিটিশ বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে মাত্র ৪২ বলে তাঁর অপরাজিত ৮৯ রানের বিধ্বংসী ইনিংস ভারতকে পৌঁছে দিয়েছে ফাইনালে। আর সঞ্জুর এই রাজকীয় ব্যাটিং দেখে মুগ্ধ খোদ ‘লিটল মাস্টার’ সুনীল গাভাসকার। একসময় যিনি সঞ্জুর ধারাবাহিকতা নিয়ে বারবার প্রশ্ন তুলতেন, সেই সানি গাভাসকারের কণ্ঠেই এখন শোনা যাচ্ছে প্রশংসার জোয়ার।

ম্যাচ শেষে মুগ্ধ গাভাসকার বলেন, “সঞ্জু যা করে দেখাল তা ব্যাটিংয়ের এক অনুপম প্রদর্শনী। ওকে দেখে মনে হচ্ছিল ও অন্য কোনও গ্রহ থেকে এসে ব্যাট করছে। ওর কাছে বলটা হয়তো পূর্ণিমার চাঁদের মতো বড় দেখাচ্ছে।” সানির মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে সচরাচর যে ধরনের ঝুঁকিপূর্ণ বা আড়াআড়ি শট দেখা যায়, সঞ্জুর ইনিংসে তার লেশমাত্র ছিল না। নিখুঁত ক্রিকেটীয় শট খেলেও যে এই গতিতে রান তোলা যায়, তা প্রমাণ করেছেন তিনি।

সঞ্জুর এই উত্তরণ নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও। তাঁর মতে, স্কিল নিয়ে কোনওদিন সন্দেহ না থাকলেও একাগ্রতা ও শট নির্বাচনের ভুলে বারবার সুযোগ হারিয়েছেন সঞ্জু। কিন্তু ২০২৬-এর এই বিশ্বকাপে সঞ্জু অনেক বেশি পরিণত। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের পর সেমিফাইনালে ইংল্যান্ড—টানা দুই ম্যাচে সেরার পুরস্কারই বলে দিচ্ছে তিনি এখন কতটা ভয়ংকর। আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনালে নামবে টিম ইন্ডিয়া। আর কোটি কোটি ভারতবাসীর স্বপ্নপূরণে বড় ভরসা এখন সেই ‘অন্য গ্রহের’ সঞ্জু স্যামসন।