আধার কার্ড থাকলেই মিলবে অনুমতি! চারধাম যাত্রার অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশনের পূর্ণাঙ্গ গাইড

২০২৬ সালের পবিত্র চারধাম যাত্রার জন্য প্রতীক্ষার অবসান। আজ, শুক্রবার ৬ মার্চ সকাল ৭টা থেকে শুরু হয়ে গেল অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। উত্তরাখণ্ড সরকার সাফ জানিয়ে দিয়েছে, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী দর্শনের জন্য প্রত্যেক তীর্থযাত্রীকে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক। ভিড় নিয়ন্ত্রণ এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ।
কবে খুলছে কোন মন্দিরের দরজা? উত্তরাখণ্ড সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর যমুনোত্রী ও গঙ্গোত্রীর দরজা খুলবে ১৯ এপ্রিল। এরপর ২২ এপ্রিল কেদারনাথ এবং ২৩ এপ্রিল বদ্রীনাথ ধামের দ্বার পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। শ্রী হেমকুণ্ড সাহেবের দরজা খোলার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।
কীভাবে করবেন রেজিস্ট্রেশন? তীর্থযাত্রীরা ঘরে বসেই উত্তরাখণ্ড সরকারের অফিসিয়াল ওয়েবসাইট registrationandtouristcare.uk.gov.in অথবা ‘ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড’ (Tourist Care Uttarakhand) মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক এবং বিদেশি পর্যটকদের ক্ষেত্রে একটি বৈধ ইমেল আইডি প্রয়োজন। যাঁদের আধার কার্ড নেই বা যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য আগামী ১৭ এপ্রিল থেকে ঋষিকেশ, হরিদ্বার এবং দেরাদুনের নির্ধারিত কেন্দ্রগুলিতে অফলাইন কাউন্টার খোলা হবে।
যাত্রাপথে কোনও অসুবিধায় পড়লে বা তথ্যের প্রয়োজনে তীর্থযাত্রীরা টোল-ফ্রি নম্বর ০১৩৫-১৩৬৪-এ যোগাযোগ করতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যমুনোত্রী থেকে যাত্রা শুরু করলে অকাল মৃত্যুর ভয় কাটে এবং যাত্রা নির্বিঘ্ন হয়। এ বছর রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম হবে বলে আশা করছে প্রশাসন।