‘ধুরন্ধর ২’-এর রহস্যময় খলনায়ক কি তবে ইমরান হাশমি? ‘বড়ে সাহেব’ নিয়ে তোলপাড় বলিউড

২০২৫ সালে বক্স অফিসে ঝড় তোলার পর এবার আরও বড় ক্যানভাসে ফিরছে ‘ধুরন্ধর ২’। পরিচালক আদিত্য ধর এই সিক্যুয়েলকে ঘিরে এমন এক রহস্য তৈরি করেছেন যা নিয়ে এখন সরগরম টিনসেল টাউন। সবথেকে বড় চর্চা শুরু হয়েছে ছবির খলনায়ক ‘বড়ে সাহেব’ চরিত্রটিকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি স্ক্রিনশট অনুযায়ী, এই রহস্যময় চরিত্রে দেখা যেতে পারে বলিউডের ‘সিরিয়াল কিসার’ তথা দুর্ধর্ষ অভিনেতা ইমরান হাশমিকে।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রথম ছবিতে রণবীর সিং-এর অ্যাকশন দর্শকদের মুগ্ধ করার পর এবার ভিলেনের চরিত্রেও বড় চমক রাখতে চাইছেন নির্মাতারা। জল্পনা তুঙ্গে যে, ‘বড়ে সাহেব’ চরিত্রটি কোনো আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্রের মাথা— যার ছায়ায় দাউদ ইব্রাহিম বা মাসুদ আজহারের মতো কুখ্যাত জঙ্গিদের আদল থাকতে পারে। যদিও জিও স্টুডিওস বা আদিত্য ধর এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক শিলমোহর দেননি। তবে ইমরান হাশমির নাম কাস্ট তালিকায় আসতেই ভক্তদের মধ্যে উত্তেজনা কয়েক গুণ বেড়ে গিয়েছে।
ছবিতে রণবীর সিং ও ইমরানের পাশাপাশি রাজ জুতশিকে একজন পাকিস্তানি জেনারেলের ভূমিকায় এবং ইয়ামি গৌতমকে বিশেষ এক চরিত্রে দেখা যেতে পারে বলে খবর। ছবির ট্রেলার আগামী ৫ মার্চ মুক্তি পেতে পারে বলে সূত্রের দাবি। ২০২৬ সালের অন্যতম বড় সিনেমাটিক ধামাকা হতে চলেছে এই ‘ধুরন্ধর ২’। এখন দেখার, সত্যিই কি রণবীরের সামনে টক্কর দিতে ইমরান হাশমিই পর্দায় আসছেন, নাকি অপেক্ষায় আছে আরও বড় কোনো চমক।