৩৩১টি ছবি, এক সুরের জাদুঘর; পঞ্চমের বায়োপিকে কে হচ্ছেন আরডি? বুদাপেস্টে শুরু লোকেশন রেকি

বলিউডে বর্তমানে বায়োপিকের জোয়ার চলছে। একদিকে যখন অনুরাগ বসু ও রণবীর কাপুরের কিশোর কুমার বায়োপিক নিয়ে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এল আরও এক বড় খবর। ভারতীয় সংগীত জগতের অন্যতম বিপ্লবী সুরকার আরডি বর্মণ ওরফে রাহুল দেববর্মণের জীবন এবার ধরা দেবে সেলুলয়েডে। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, এই হাই-প্রোফাইল প্রজেক্টের হাল ধরছেন ‘এম এস ধোনি’ খ্যাত পরিচালক নীরজ পাণ্ডে।

এর আগে ‘আ ওয়েডনেসডে’, ‘স্পেশাল ২৬’ বা ‘বেবি’র মতো থ্রিলার দিয়ে নিজের জাত চিনিয়েছেন নীরজ। তবে সুশান্ত সিং রাজপুত অভিনীত ধোনির বায়োপিকটি তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও তিনি বায়োপিক ঘরানায় ফিরছেন এবং এবার তাঁর বিষয়বস্তু কিংবদন্তি ‘পঞ্চমদা’। জানা গেছে, ছবির চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যেই শেষ এবং পরিচালক স্কটল্যান্ড ও বুদাপেস্টে লোকেশন রেকিও সেরে ফেলেছেন।

শচীন দেববর্মণের সুযোগ্য পুত্র আরডি বর্মণ তিন দশকেরও বেশি সময় ধরে ৩৩১টি ছবিতে সুর দিয়েছেন। বলিউডে পাশ্চাত্য ও প্রাচ্যের সুরের যে মেলবন্ধন তিনি শুরু করেছিলেন, তা আজও অতুলনীয়। ১৯৩৯ সালে কলকাতায় জন্ম নেওয়া এই জিনিয়াস সুরকারের লড়াই, প্রেম এবং সংগীত বিপ্লবের গল্পই বড় পর্দায় ফুটিয়ে তুলবেন নীরজ। যদিও নামভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা হয়নি, তবে পঞ্চমের চরিত্রে কে মানানসই হবে তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।