আফগানিস্তানে পাক বায়ুসেনার ‘সার্জিক্যাল স্ট্রাইক’! রাতের অন্ধকারে গুঁড়িয়ে দিল ৭টি ডেরা, শুরু হলো কি বড় যুদ্ধ?

পবিত্র রমজান মাসের মাঝেই রণক্ষেত্রের চেহারা নিল পাক-আফগান সীমান্ত। রাতের অন্ধকারে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা চালাল পাকিস্তান বায়ুসেনা (PAF)। পাকিস্তানের দাবি, সীমান্ত পেরিয়ে জঙ্গিঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে আফগান তালিবান সরকারের পাল্টা দাবি, এই হামলায় নারী ও শিশুসহ বহু সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।
ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী হামলার প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পাক প্রতিরক্ষা মন্ত্রক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাঙ্গারহার এবং পাকটিকা প্রদেশের অন্তত সাতটি জঙ্গি আস্তানায় হানা দেয় পাক যুদ্ধবিমান। পাকিস্তানের অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও আফগান তালিবান প্রশাসন তাদের ভূখণ্ড ব্যবহার করে চলা জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ISKP এবং টিটিপি (TTP)-র মতো গোষ্ঠীগুলো আফগানিস্তানে বসেই পাকিস্তানে নাশকতার ছক কষছে।
অন্যদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাবুল। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের এই আগ্রাসন দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। আফগান প্রতিরক্ষা মন্ত্রক কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সঠিক সময়ে এই ‘কাপুরুষোচিত’ আক্রমণের যোগ্য জবাব দেওয়া হবে। সীমান্তবর্তী এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে, যা যেকোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।