আদালতের ধাক্কায় আরও আগ্রাসী ট্রাম্প! ‘আমেরিকা বিরোধী’ রায়ের বদলে এবার শুল্কের বোঝা, বড় বিপদে আমদানিকারীরা

মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে বড়সড় ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টা হুঙ্কার দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের নিষেধাজ্ঞাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বজুড়ে আমদানি করা পণ্যের ওপর আগের ঘোষিত ১০ শতাংশ শুল্ক বাড়িয়ে সরাসরি ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে ট্রাম্প এই কড়া পদক্ষেপের কথা জানান।

আদালতের রায়কে ‘দুর্বল এবং আমেরিকা বিরোধী’ বলে কটাক্ষ করে ট্রাম্প দাবি করেন, বছরের পর বছর ধরে বিশ্বের অন্যান্য দেশ আমেরিকার সুযোগ নিয়ে এসেছে, যা আর বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত, গত সপ্তাহে সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছিল। আদালত জানিয়েছিল, ১৯৭৭ সালের জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে প্রেসিডেন্ট ইচ্ছামতো শুল্ক চাপাতে পারেন না। কিন্তু ট্রাম্প এবার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারার অস্ত্র প্রয়োগ করেছেন। এই ধারায় প্রেসিডেন্ট সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক বসাতে পারেন, তবে তা মাত্র ১৫০ দিনের জন্য কার্যকর থাকে। এরপর কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়। আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই নতুন চাল আবারও আদালতের দরজায় পৌঁছাতে পারে, যা আমেরিকার অর্থনীতিতে এক চরম অস্থিরতা তৈরি করবে।