বড় খবর: ভোটার সংশোধনে চলবে না আবাস যোজনার কাগজ, স্পষ্ট জানাল কমিশন। বিভ্রান্তি দূর করতে কড়া নির্দেশ

 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতের নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কোনো নথি ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটার তালিকার কাজ চলাকালীন একটি বিভ্রান্তি তৈরি হয়েছিল। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সরকার অনুমোদিত বাড়ি বা জমির শংসাপত্র (House Allotment Certificate) নথি হিসেবে জমা দেওয়া যাবে। এর পরেই অনেক সাধারণ মানুষ মনে করেছিলেন, আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাওয়ার অনুমোদন পত্র দেখালেই হয়তো ভোটার তালিকায় নাম তোলার জটিলতা মিটে যাবে। বহু মানুষ শুনানির সময় এই নথি নিয়ে হাজির হচ্ছিলেন। এই ধন্দ কাটাতেই গত ২১ জানুয়ারি দিল্লির কাছে ব্যাখ্যা চেয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

কমিশন তাদের ব্যাখ্যায় সাফ জানিয়েছে, বিজ্ঞপ্তিতে সরকার প্রদত্ত জমি বা বাড়ির শংসাপত্রের কথা উল্লেখ থাকলেও, আবাস যোজনা বা বাংলার বাড়ির আর্থিক সাহায্যের অনুমোদন তার আওতায় পড়ে না। অর্থাৎ, স্রেফ ঘর তৈরির টাকা পাওয়ার কাগজ দেখিয়ে নাগরিকত্বের বা ঠিকানার প্রমাণ দেওয়া যাবে না। বর্তমানে রাজ্যে এসআইআর-এর শুনানি শেষ হয়ে এখন নথি যাচাইয়ের কাজ চলছে। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন। তার আগেই এই কড়া নির্দেশিকা জেলাশাসকদের পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে তালিকায় কোনো ভুল না থাকে।