সতর্কবার্তা! ২০ ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে AI ভিডিওর নিয়ম, ভুল করলে হতে পারে জেল!

ডিজিটাল দুনিয়ায় নিরাপত্তা সুনিশ্চিত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিল ভারত সরকার। ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) ‘আইটি সংশোধন নিয়ম ২০২৬’ বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সারা দেশে কার্যকর হতে চলা এই নিয়মের মূল লক্ষ্য হলো এআই (AI) জনিত বিভ্রান্তিকর কন্টেন্ট এবং ডিপফেক ভিডিওর বাড়বাড়ন্ত রোধ করা।

৩ ঘণ্টার মধ্যে অ্যাকশন: নতুন নিয়মে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর দায়বদ্ধতা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে কোনো আপত্তিকর কন্টেন্ট সরানোর জন্য ৩৬ ঘণ্টা সময় দেওয়া হতো, এখন তা কমিয়ে মাত্র ৩ ঘণ্টা করা হয়েছে। বিশেষ করে যৌন হেনস্থা, ভুল পরিচয় বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে এমন ভিডিওর ক্ষেত্রে এই সময়সীমা অত্যন্ত কঠোরভাবে পালন করতে হবে।

লেবেলিং এবং মেটাডেটা বাধ্যতামূলক: এখন থেকে এআই দিয়ে তৈরি যেকোনো ছবি, অডিও বা ভিডিওতে স্পষ্ট ‘লেবেল’ থাকতে হবে। এছাড়া কন্টেন্টের উৎসের সন্ধান পেতে স্থায়ী ‘মেটাডেটা’ যোগ করাও বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ইউজার যদি এআই কন্টেন্টকে আসল বলে দাবি করে পোস্ট করেন, তবে সেই ইউজারকে ব্লক করার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকেই। নিয়ম লঙ্ঘন করলে সংস্থাগুলো আইটি অ্যাক্টের ‘সেফ হারবার’ সুরক্ষা হারাবে, যার অর্থ হলো প্ল্যাটফর্মে থাকা বেআইনি কন্টেন্টের জন্য সরাসরি কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে।