তেজ প্রতাপ কি বাবা হলেন? অনুষ্কার আল্ট্রাসাউন্ড রিপোর্টে ‘স্বামী’ হিসেবে লালু-পুত্রের নাম ঘিরে তোলপাড়!

বিহারে রাজনীতির আঙিনায় ফের এক নজিরবিহীন বিতর্কের কেন্দ্রবিন্দুতে লালু-পুত্র তেজ প্রতাপ যাদব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি কথিত ‘আল্ট্রাসাউন্ড রিপোর্ট’ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দাবি করা হচ্ছে, জনৈক অনুষ্কা যাদবের ওই মেডিকেল রিপোর্টে স্বামীর নামের জায়গায় জ্বলজ্বল করছে তেজ প্রতাপ যাদবের নাম। অনুষ্কা সম্প্রতি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলেও দাবি করা হচ্ছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
তেজ প্রতাপের পাল্টা তোপ ও ‘জয়চাঁদ’ তত্ত্ব: এই চাঞ্চল্যকর দাবিকে শুরুতেই নস্যাৎ করে দিয়েছেন তেজ প্রতাপ যাদব। এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান, অনুষ্কা বা ওই সন্তানের সঙ্গে তাঁর দূরদূরান্তের কোনও সম্পর্ক নেই। উল্টে নিজের দলের (আরজেডি) সাথে যুক্ত পাঁচ প্রভাবশালী ব্যক্তিকে ‘জয়চাঁদ’ বা বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন তিনি। তাঁর অভিযোগ, সুনীল সিং, আকাশ ভাটি, মুকেশ রোশন, সঞ্জয় যাদব এবং রমিজ খান—এই পাঁচজন মিলে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে এবং পরিবার থেকে তাঁকে বহিষ্কার করতে এই ভুয়ো রিপোর্ট ও ছবি ভাইরাল করেছে।
অভিযুক্ত পাঁচজন কারা? তেজ প্রতাপের নিশানায় থাকা ব্যক্তিদের মধ্যে প্রাক্তন বিধায়ক মুকেশ রোশন রয়েছেন, যাঁর বিরুদ্ধে তাঁকে খুনের চেষ্টার গুরুতর অভিযোগ এনেছেন তেজ। পাশাপাশি তেজস্বী যাদবের রাজনৈতিক উপদেষ্টা সঞ্জয় যাদব এবং রাবড়ি দেবীর মানসপুত্র বলে পরিচিত সুনীল সিং-কেও কাঠগড়ায় তুলেছেন তিনি। আকাশ ভাটি নামে এক ব্যক্তির সঙ্গে অনুষ্কার সম্পর্ক রয়েছে বলে দাবি করে তেজ প্রতাপ বলেন, “আকাশই ভালো বলতে পারবে ওই মেয়ের সঙ্গে তার সম্পর্ক কী, আমাকে কেন ফাঁসানো হচ্ছে?”
নিউজ১৮ বা অন্য কোনও আধিকারিক মহল এই ভাইরাল রিপোর্টের সত্যতা নিশ্চিত করেনি। বর্তমানে গোটা বিহার এই হাই-ভোল্টেজ বিতর্কের সত্যতা এবং তেজ প্রতাপের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে।