টি-টোয়েন্টি ট্রফির নাড়ি নক্ষত্র: ১২ কেজির ট্রফি কীভাবে ৩ কেজিতে নামল? আসল রহস্য জানলে চমকে যাবেন!

টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। সূর্যকুমার যাদবদের কাঁধে ভর করে ভারত কি ঘরের মাঠে তৃতীয়বার চ্যাম্পিয়ন হতে পারবে? ইতিহাস বলছে, আজ পর্যন্ত কোনো আয়োজক দেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন শিরোনামে বিশ্বকাপের সেই ঝকঝকে রুপালি ট্রফিটি। ক্রিকেটপ্রেমীদের অনেকেরই হয়তো জানা নেই যে, এই বিশ্বসেরার ট্রফির সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের রাজস্থানের গভীর সম্পর্ক।
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিটি তৈরি হয়েছিল রাজস্থানের জয়পুরে। অজি ডিজাইনার মিনালে ব্রাইসের নকশায় জয়পুরের কারিগর অমিত পাবুওয়াল এটি তৈরি করেছিলেন। তবে ২০২১ সাল থেকে এই ট্রফি তৈরির দায়িত্ব পেয়েছে লন্ডনের ‘থমাস লাইট’ সংস্থা। আশ্চর্যের বিষয় হলো, গত ১৪ বছরে এই ট্রফি নিজের ‘মেদ’ ঝরিয়ে অনেক বেশি হালকা হয়েছে। ২০০৭ সালে ট্রফিটির ওজন ছিল প্রায় ১২ কেজি, যা ২০২১ সাল থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৩.৯ কেজিতে। উচ্চতায় ৫১ সেন্টিমিটার এই ট্রফিটি রুপো, রোডিয়ামসহ মোট পাঁচটি ধাতুর সংমিশ্রণে তৈরি।
তবে সবথেকে মজার তথ্য হলো, ভারত বা অন্য কোনো দেশ বিশ্বকাপ জিতলেও তারা কিন্তু আসল ট্রফিটি নিজেদের দেশে নিয়ে যেতে পারে না। আসল ট্রফিটি সবসময় দুবাইয়ে আইসিসির সদর দপ্তরেই রাখা থাকে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় হুবহু দেখতে একটি রেপ্লিকা বা অনুলিপি। আর ট্রফিটির দাম কত? আইসিসি আজ পর্যন্ত সেই রহস্য ফাঁস করেনি। ক্রিকেট বিশ্বের কাছে এই ট্রফি যে অমূল্য, তা বলাই বাহুল্য।