নির্বাচনী লড়াই কি এখন সুপ্রিম কোর্টে? হিমন্তের ‘রাইফেল’ ভিডিও নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রধান বিচারপতির!

নির্বাচন এলেই রাজনৈতিক ময়দানের লড়াই কেন বারবার আদালতের দোরগোড়ায় এসে পৌঁছচ্ছে? অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি বিতর্কিত অ্যানিমেটেড ভিডিও সংক্রান্ত মামলার শুনানিতে এমনই তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র মাস তিনেক আগে এই মামলা হিমন্ত শিবিরের জন্য বড়সড় অস্বস্তি তৈরি করল।
বিতর্কের মূলে রয়েছে বিজেপি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি ভিডিও। সেখানে দেখা যায়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাইফেল হাতে দু’জন ব্যক্তির দিকে তাক করে আছেন। যাদের মধ্যে একজনের মাথায় টুপি এবং অন্যজনের দীর্ঘ দাড়ি রয়েছে—যা নির্দিষ্ট একটি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে ইঙ্গিত করে বলে অভিযোগ। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক শট’। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতেই বিজেপি ভিডিওটি সরিয়ে নেয়, কিন্তু বিতর্ক থামেনি।
সিপিএম (CPM) এবং সিপিআই (CPI)-এর তরফে দায়ের করা এই মামলায় প্রবীণ আইনজীবী নিজাম পাশা আদালতে জানান, একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হয়েও কীভাবে তিনি একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে এমন উস্কানিমূলক ভিডিওর অংশ হতে পারেন? বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কেন কোনো এফআইআর (FIR) দায়ের করা হলো না, সেই প্রশ্নও তোলেন তিনি। জবাবে প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, “সমস্যা হলো, ভোট এলেই নির্বাচনী লড়াইয়ের একটা বড় অংশ সুপ্রিম কোর্টের ভেতরে লড়া হয়। আমরা বিষয়টি খতিয়ে দেখে শুনানির তারিখ জানাব।”
উল্লেখ্য, হিমন্ত বিশ্ব শর্মা নিজে এই ভিডিওর দায় অস্বীকার করেছেন। তাঁর দাবি, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। কিন্তু নির্বাচনের মুখে এআইএমআইএম (AIMIM) নেতা আসাদউদ্দিন ওয়েইসি থেকে শুরু করে গৌরব গগৈ—সবাই এই ইস্যুতে হিমন্তকে বিঁধতে ছাড়ছেন না। অসমের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।