পেটপুজোয় প্রেম! ভ্যালেন্টাইন্স ডে-তে কলকাতার সেরা ৩ ক্যাফে, রইল সাশ্রয়ী ডিনার ও আকর্ষণীয় অফারের হদিশ

বাঙালি খালি পেটে ‘উৎসব’ বোঝে না। আর যখন উপলক্ষটা হয় ‘ভ্যালেন্টাইন্স ডে’, তখন ভোজনরসিক বাঙালির পরিকল্পনা শুরু হয় খাবারদাবার দিয়েই। প্রিয় মানুষের সঙ্গে কিছুটা নিভৃত সময় কাটানো আর সেই সঙ্গে জিভে জল আনা পদ—এই দিয়েই জমে ওঠে প্রেমের দিন। এই বছর শহর ও শহরতলির রেস্তোরাঁগুলি সাজছে নতুন মেনু আর আকর্ষণীয় অফারে। আপনি যদি আজও ভাবেন কোথায় যাবেন, তবে আপনার জন্য রইল তিনটি সেরা ঠিকানার খোঁজ।
১. হেরিটেজ কোর্ট ক্যাফে (ধর্মতলা): শহরের কেন্দ্রস্থলে সাশ্রয়ী মূল্যে দারুণ ডেটের সুযোগ দিচ্ছে এই ক্যাফে। এখানে দু’জনের জন্য ভ্যালেন্টাইন্স স্পেশাল মেনুর দাম মাত্র ৯৯৯ টাকা (একজনের জন্য ৬০০ টাকা)। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘লাভ অন দ্য এইচ সি সি’ নামক একটি স্পেশাল মকটেল। এছাড়াও মেনুতে পাবেন মাশরুম ক্যাপুচিনো স্যুপ, সিঙ্গাপুরী ইন্দো চিলি বাসা, গোল্ডেন ব্যাটার ফ্রায়েড প্রন এবং চকলেট ব্রাউনি।
২. আলোরা বাই অনিন্দিতা (লেক রোড): দক্ষিণ কলকাতার এই ঠিকানায় প্রেমের আমেজ একটু অন্যরকম। এখানে গেলে পাবেন ‘রোজ ড্রিঙ্ক’-এর ওপর ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার। তবে সবথেকে নজরকাড়া পদ হলো—ভালোবাসার চিহ্নে আঁকা হৃদয় আকৃতির ‘গোকুল পিঠে’। খাওয়া-দাওয়ার পাশাপাশি এখানে প্রিয়জনের জন্য শাড়ি, গয়না বা শার্ট কেনাকাটার সুযোগও থাকছে।
৩. ইট’স মাই লাইফ (গল্ফ গার্ডেন): যাঁরা পর্ক আইটেম এবং কন্টিনেন্টাল খাবার ভালোবাসেন, তাঁদের জন্য এটি স্বর্গরাজ্য। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এখানে থাকছে মুখরোচক আমিষ ও নিরামিষ সিজলার। এছাড়াও রোস্টেড পোর্ক বেলি, পোর্ক ওভারলোডেড পিৎজা এবং ওভেনে বেক করা ভেটকি এখানকার হিট আইটেম। চমৎকার ইনস্ট্রাগ্রাম-ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স আপনাদের মুহূর্তকে করে তুলবে আরও রঙিন।