বোয়াল মাছের ঝোল নয়, এবার ট্রাই করুন জিভে জল আনা তেল-ঝাল; চটজলদি রেসিপি জেনে নিন

মাছ প্রিয় বাঙালির কাছে যে কোনো ধরনের মাছের পদ বরাবরই বিশেষ। তবে প্রতিদিনের একঘেয়ে রুই-কাতলা খেয়ে যদি মুখে অরুচি ধরে যায়, তাহলে স্বাদের বদল ঘটাতে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বোয়াল মাছের তেল-ঝাল। খুব সামান্য উপকরণ আর কম সময়েই তৈরি হয়ে যায় এই সুস্বাদু পদটি। গরম ভাতের সঙ্গে এর জুড়ি মেলা ভার।

উপকরণ:

বোয়াল মাছ: ৪ টুকরো

আদা বাটা: ১ চা চামচ

পেঁয়াজ: ২টি (কুচানো)

কাঁচালঙ্কা বাটা: ৩-৪টি

জিরে বাটা: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

কাশ্মীরি লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ

কালো জিরে: ১ চা চামচ

টম্যাটো: ১টি (কুচানো)

নুন ও সর্ষের তেল: পরিমাণমতো

চিনি: সামান্য (স্বাদের জন্য)

প্রস্তুতি প্রণালী: প্রথমে মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। নুন, হলুদ এবং সামান্য সর্ষের তেল মাখিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন (এতে মাছ ভাজার সময় ফাটার ভয় কম থাকে)। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলি হালকা লালচে করে ভেজে তুলে নিন। ওই তেলেই কালো জিরে ফোরন দিয়ে পেঁয়াজ কুচি ও সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করুন। পেঁয়াজে সোনালি রং ধরলে একে একে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা ও টম্যাটো দিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণমতো উষ্ণ গরম জল দিন। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন তৃপ্তিদায়ক বোয়াল মাছের তেল-ঝাল।