ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থায় নেই তৃণমূল! শেষ মুহূর্তে কংগ্রেসের থেকে দূরত্ব বাড়ালেন মমতা-অভিষেক?

লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বা ‘নো-কনফিডেন্স মোশন’ ঘিরে ইন্ডিয়া (INDIA) ব্লকের অন্দরে নতুন সমীকরণ তৈরি হলো। মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তৃণমূল কংগ্রেস (TMC) স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এখনই স্পিকারের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাবে সমর্থন দিচ্ছে না। দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্তের ফলে বিরোধী শিবিরে ফাটলের জল্পনা উসকে উঠেছে।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তারা কংগ্রেসকে একটি নির্দিষ্ট বিকল্প পথ বাতলে দিয়েছেন। তাঁর মতে, আগে স্পিকারের কাছে বিরোধীদের দাবি সম্বলিত একটি আবেদন জমা দেওয়া হোক এবং তাঁকে জবাব দেওয়ার জন্য তিন দিন সময় দেওয়া হোক। অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন, “কংগ্রেস যদি আজই আবেদন জমা দেয়, তবে আমরা ওই মোশনে সই করব না। স্পিকার যদি বিরোধীদের আবেদনের সঙ্গে একমত না হন, তবেই আমরা পরবর্তীতে অনাস্থা মোশনে স্বাক্ষরের কথা ভাবব।”
উল্লেখ্য, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বক্তব্য রাখতে বাধা দেওয়ার অভিযোগে সরব হয়েছিল কংগ্রেস, সমাজবাদী পার্টি ও ডিএমকে-র মতো দলগুলো। রাহুল গান্ধী ২০২০ সালের ভারত-চীন সীমান্ত সংঘর্ষ নিয়ে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের অপ্রকাশিত আত্মজীবনীর তথ্য উদ্ধৃত করতে চেয়েছিলেন, যা স্পিকার অনুমতি দেননি। এই ঘটনার প্রতিবাদে প্রায় ১৩০ জন বিরোধী সাংসদ স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার পক্ষে থাকলেও, তৃণমূলের এই ‘শর্তসাপেক্ষ’ অবস্থান দিল্লির রাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছে। গত সপ্তাহেই ৮ জন বিরোধী সাংসদকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করায় এমনিতেই উত্তপ্ত হয়ে রয়েছে সংসদ চত্বর।