পুলিশ কন্ট্রোল রুমেই বিষপান হেড কনস্টেবলের! সুইসাইড নোটে বিস্ফোরক অভিযোগ, কাঠগড়ায় খোদ পুলিশ কর্তারা

মধ্যপ্রদেশের নিমুচ জেলায় ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। সহকর্মীদের চোখের সামনেই পুলিশ কন্ট্রোল রুমের ভেতরে বিষ পান করে আত্মঘাতী হলেন ৫০ বছর বয়সি হেড কনস্টেবল হোশিয়ার সিং আহির। রবিবার দুপুরের এই ঘটনায় রীতিমতো স্তব্ধ পুলিশ মহল। তবে মৃত্যুর পর তাঁর জামার পকেট থেকে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং লাগাতার মানসিক হেনস্থার অভিযোগ তুলেছেন ওই জওয়ান।

নিমুচ জেলার কানাওয়াটি পুলিশ লাইনে কর্মরত হোশিয়ার সিং আদতে হরিয়ানার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণে তিনি পাঁচ দিনের ছুটিতে ছিলেন। সোমবার কাজে ফেরার কথা থাকলেও রবিবারই আচমকা কন্ট্রোল রুমে ঢুকে বিষ খেয়ে নেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সুইসাইড নোটে তিনি স্পষ্ট লিখেছেন, “ঘুষ না দিলে সৎ কর্মীদের ওপর চরম হেনস্থা করা হয়।” এমনকি বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের নামও তিনি সেখানে উল্লেখ করেছেন বলে খবর।

মৃতের পরিবারের অভিযোগ আরও গুরুতর। স্ত্রী কমলেশ বাই এবং মেয়ে অঞ্জলি দাবি করেছেন, অসুস্থ থাকা সত্ত্বেও তাঁকে দিয়ে কঠিন কাজ করানো হতো এবং দীর্ঘ সময় ধরে তিনি প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন। শুধু তাই নয়, ময়নাতদন্তের পর দেহ আগলে রাখতে না দেওয়া এবং মৃত জওয়ানের মোবাইল ফোনটি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিজনরা। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার কীভাবে একজন সৎ কর্মীর জীবন কেড়ে নিতে পারে, এই ঘটনা তারই এক করুণ প্রতিচ্ছবি।