‘ভোটার তালিকা সংশোধনে বাধা বরদাস্ত নয়!’ সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন, স্বস্তিতে নবান্ন

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ‘সার’ (SIR) প্রক্রিয়া নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়োগ করা মাইক্রো অবজার্ভাররা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না; এক্ষেত্রে সংশ্লিষ্ট ইআরও (ERO)-দের সিদ্ধান্তই শেষ কথা। একইসঙ্গে আদালত জানিয়েছে, ‘সার’ প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা সহ্য করা হবে না।

এদিনের নির্দেশের ফলে বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে। আদালত স্ক্রুটিনির মেয়াদ কমপক্ষে ৭ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে। ফলে ১৪ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও, শুনানি ও স্ক্রুটিনি পর্ব মিলিয়ে তা ২১ ফেব্রুয়ারি বা তারও পরে প্রকাশিত হতে পারে। এই পরিস্থিতির পর্যালোচনা করতে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল।

শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী কমিশনের সফটওয়্যারের সীমাবদ্ধতা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “বাঙালি পরিবারে ‘কুমার’ নামের ব্যবহার বা বয়সের ব্যবধান নিয়ে সফটওয়্যারের ভুল ব্যাখ্যার কারণে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে, যা অনৈতিক।” অন্যদিকে, রাজ্য সরকারকে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ৮,৫০৫ জন গ্রুপ-বি অফিসারের নাম জেলা কালেক্টরেটে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে আদালত। তৃণমূল কংগ্রেস এই রায়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে বর্ণনা করে দাবি করেছে, বাংলাকে প্রভাবিত করার কমিশনের চেষ্টা ব্যর্থ হয়েছে।