শীতের দুপুরে পাতে আসুক রাজকীয় স্বাদ! বাড়িতেই বানান মটরশুঁটির এই জিভে জল আনা পদ, রইল রেসিপি!

শীতকাল মানেই বাজারের থলি ভর্তি টাটকা সবুজ মটরশুঁটি। এই সময়ে মটরশুঁটির কচুরি বা ঘুগনি বাঙালির অতি প্রিয়। তবে মটরশুঁটি দিয়ে যদি একটু ভিন্ন স্বাদের কিছু ট্রাই করতে চান, তবে ‘মটর নিমোনা’ হতে পারে আপনার সেরা পছন্দ। বাড়িতে হঠাৎ অতিথি চলে আসলে খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই জিভে জল আনা পদটি। উত্তর ভারতের জনপ্রিয় এই পদটি এখন আপনিও আপনার রান্নাঘরে তৈরি করতে পারেন অতি সহজেই।

প্রয়োজনীয় উপকরণ: ৫০০ গ্রাম মটরশুঁটি, ১টি সেদ্ধ আলু, ১টি বড় টমেটো কুচি, এক আঁটি ধনেপাতা, ৪-৫ কোয়া রসুন, ৫-৬টি কাঁচালঙ্কা, আধ ইঞ্চি আদা, ১ চামচ চাটমশলা, স্বাদমতো নুন ও চিনি, সর্ষের তেল, হিং, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ এবং সামান্য গরমমশলা গুঁড়ো। স্বাদ ও ঘনত্ব বাড়াতে পনিরের টুকরো ও ক্রিম ব্যবহার করতে পারেন।

প্রস্তুত প্রণালী: প্রথমে পনিরের টুকরোগুলি হালকা সোনালি করে ভেজে গরম জলে ভিজিয়ে রাখুন, এতে পনির নরম থাকে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরমমশলা ফোড়ন দিন। এক চিমটি হিং মিশিয়ে তাতে আদা, রসুন ও কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে কষান। এরপর টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করুন যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা কষানো হলে তাতে মটরশুঁটি ও সেদ্ধ আলুর টুকরো দিয়ে দিন। স্বাদমতো নুন, জিরে ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার প্রয়োজনমতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট ফুটতে দিন। গ্রেভি ঘন হয়ে এলে ভেজে রাখা পনিরের টুকরোগুলি মিশিয়ে দিন। সবশেষে ওপর থেকে গরমমশলা গুঁড়ো, সামান্য চিনি ও ফ্রেস ক্রিম ছড়িয়ে ১ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। তৈরি আপনার গরম গরম ‘মটর নিমোনা’। লুচি, পরোটা বা সাদা ভাতের সঙ্গে এটি পরিবেশন করুন রাজকীয় স্বাদে।