রেল যাত্রীদের জন্য দুঃসংবাদ! আদ্রা ডিভিশনে এক সপ্তাহ ধরে বন্ধ একগুচ্ছ ট্রেন, বিপাকে নিত্যযাত্রীরা!

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য আবারও উদ্বেগের খবর। রেলের রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় প্রযুক্তিগত কাজের কারণে আগামী এক সপ্তাহ ধরে এই রুটে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে চলেছে। রেল সূত্রে জানানো হয়েছে, ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন সেকশনে ‘রোলিং ব্লক’ নেওয়া হবে। এর জেরে একগুচ্ছ মেমু প্যাসেঞ্জার বাতিল করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের রুট পরিবর্তন ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
বাতিল ট্রেনের তালিকা: রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার (৬৮০৪৬/৬৮০৪৫) ১০, ১২ এবং ১৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে। আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু (৬৮০৯০/৬৮০৮৯) বাতিল করা হয়েছে ৮ ফেব্রুয়ারি। এ ছাড়াও ১২ ও ১৫ ফেব্রুয়ারি পরিষেবা মিলবে না আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জারে (৬৮০৭৭/৬৮০৭৮)।
যাত্রাপথ সংক্ষিপ্তকরণ ও রুট বদল: ট্রেন বাতিলের পাশাপাশি বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ১০ ও ১৫ ফেব্রুয়ারি এই ট্রেনটি গোমো স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস ১০ ও ১৩ ফেব্রুয়ারি বোকারো পর্যন্ত চলবে। অন্যদিকে আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার আদ্রা পর্যন্ত চালানো হবে। টাটানগর-হাঁটিয়া এক্সপ্রেসের রুট পরিবর্তন করে চান্ডিল-গুন্ডা বিহার-মুরি হয়ে চালানো হবে। এই পরিস্থিতির জেরে নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।