ফোন করে ডেকে খুনের ছক! পরকীয়ার টানাপোড়েনে রতুয়ায় প্রৌঢ়কে কোপানোর অভিযোগ, গ্রেফতার ৩

মালদহের রতুয়ায় এক প্রৌঢ় কৃষককে কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সেতাবুল শেখ। অভিযোগ, এক প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের কারণে তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত মহিলা এবং স্বপন মণ্ডল ও সাগর মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
মৃতের পরিবার সূত্রে খবর, অভিযুক্ত মহিলা সেতাবুলের জমিতে শ্রমিকের কাজ করতেন এবং সেই সূত্রেই তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গতকাল রাত ৮টা ২৮ মিনিট নাগাদ ওই মহিলা ফোন করে সেতাবুলকে বাড়ি থেকে ডেকে পাঠান। এর কিছুক্ষণ পরেই বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি বাগান থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের আত্মীয়দের দাবি, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তাঁরা অপরাধীদের ফাঁসির সাজা দাবি করেছেন। কেন এই খুন— নিছক সম্পর্কের টানাপোড়েন নাকি এর পিছনে অন্য কোনও বড় কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।