সকাল হতেই কলকাতায় আয়কর দফতরের হানা! আলিপুর থেকে চেতলা— চিরুনি তল্লাশিতে নাজেহাল ব্যবসায়ীরা

সোমবার সপ্তাহ শুরুর সকালেই খাস কলকাতায় আয়কর দফতরের বড়সড় অভিযান। মধ্য ও দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে তল্লাশি শুরু করেছেন আধিকারিকরা। আয়কর দফতর সূত্রের খবর, কলকাতা ও তার পার্শ্ববর্তী মোট ৮টি জায়গায় এই চিরুনি তল্লাশি চলছে। অভিযানের মূল লক্ষ্য শহরের বিশিষ্ট ব্যবসায়ী সুধীর সাতনালিওয়ালা এবং তাঁর ঘনিষ্ঠ বৃত্ত।

তদন্তকারীদের একটি দল আলিপুরের ১০ নম্বর রাজা সন্তোষ রোডে সুধীর সাতনালিওয়ালার বিলাসবহুল আবাসন এবং অন্য একটি দল ৩৫ নম্বর চেতলা সেন্ট্রাল রোডে তাঁর অফিসে তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে, সুধীর সাতনালিওয়ালা একটি বড় জৈব সার প্রস্তুতকারী সংস্থার মালিক। দীর্ঘদিনের আয়কর ফাঁকি এবং হিসাব বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ জমানোর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই রেইড। কয়েক ঘণ্টা ধরে চেতলার অফিসে নথিপত্র খতিয়ে দেখার পর আধিকারিকরা বর্তমানে তাঁর বাড়িতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা।

উল্লেখ্য, আয়কর হানা নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে বেঙ্গালুরুর এক ভয়াবহ ঘটনার জেরে। সম্প্রতি সেখানে সিজে রায় নামে এক নামী রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা চলাকালীনই তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। সেই ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই এবার খাস কলকাতায় আয়কর দফতরের এই তৎপরতা ব্যবসায়িক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। হিসাবের গরমিল নাকি অন্য কোনো আর্থিক কেলেঙ্কারি— কীসের খোঁজে এই অভিযান, তা নিয়ে ধন্দ বাড়ছে।