১০ ফুট দূরে ছিটকে পড়লেন বাইক আরোহী! তামাক-পতির ছেলের বিলাসবহুল গাড়ির ধাক্কায় রণক্ষেত্র ভিআইপি রোড

ফের গতির বলি সাধারণ মানুষ। উত্তরপ্রদেশের কানপুরের ভিআইপি রোডে রবিবার দুপুরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। একটি নিয়ন্ত্রণহীন বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন অন্তত ৬ জন পথচারী। অভিযোগের তির উত্তরপ্রদেশের প্রভাবশালী তামাক ব্যবসায়ী কে কে মিশ্রর ছেলে শিবম মিশ্রর দিকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, রবিবার দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ গ্বালটোলি এলাকার রেভ-৩ মলের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ল্যাম্বরগিনিটি প্রথমে একটি অটো-রিকশাকে সজোরে ধাক্কা মারে। এরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি রয়্যাল এনফিল্ড বাইকে ধাক্কা দিলে আরোহী তৌফিক প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়েন। তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে। গাড়িটি এখানেই থামেনি, বাইকটিকে চাকায় পিষে বেশ কিছুটা টেনে নিয়ে গিয়ে শেষমেশ একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে স্থির হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিকে ঘিরে ধরলে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। অভিযোগ, অভিযুক্ত শিবম মিশ্রর সঙ্গে থাকা দুই ব্যক্তিগত বাউন্সার স্থানীয়দের বাধা দেওয়ার চেষ্টা করে, যা মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। ডিসিপি অতুল কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, ঘটনায় বেশ কয়েকজনের হাড় ভেঙেছে এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রভাবশালী ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।