“আগে নিজেরটা সামলান!” শাহবাজ শরিফকে চরম খোঁচা দিয়ে তুলোধোনা করলেন ওমর আবদুল্লা

কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ‘দিবাস্বপ্ন’কে এবার সপাটে উড়িয়ে দিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শাহবাজ দাবি করেছিলেন যে কাশ্মীর নাকি পাকিস্তানের “গলা” (jugular vein) এবং একদিন তা পাকিস্তানের অংশ হবে। এই মন্তব্যের প্রেক্ষিতে কড়া ভাষায় পালটা আক্রমণ শানিয়ে ওমর বলেন, “ওরা তো নিজেদের অংশটাই সামলাতে পারছে না, আমাদের নিয়ে কী করবে?”
শুক্রবার শ্রীনগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ন্যাশনাল কনফারেন্স নেতা তথা মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা মস্করা করে বলেন, “আমরা ওদের অংশ হব? নিজেদের যা আছে সেটাই তো ঠিকঠাক সামলাতে পারছে না ইসলামাবাদ। আমাদের নিয়ে কী করবে ওরা?” প্রসঙ্গত, বৃহস্পতিবার তথাকথিত ‘কাশ্মীর সংহতি দিবস’ পালনকালে পাক-অধিকৃত কাশ্মীরের বিধানসভায় দাঁড়িয়ে শাহবাজ দাবি করেছিলেন যে জিন্নাহর স্বপ্ন মেনেই কাশ্মীর একদিন পাকিস্তানের হবে।
ভারত বরাবরই স্পষ্ট করে দিয়েছে যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার জানিয়েছেন যে পাক-অধিকৃত কাশ্মীরও ভারতের এবং দেশ তা একদিন ফিরিয়ে নেবেই।
সিন্ধু জলচুক্তি নিয়ে বড় আপডেট: পাক প্রধানমন্ত্রীর মন্তব্যের পাশাপাশি সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) নিয়েও মুখ খোলেন ওমর আবদুল্লা। এই চুক্তি স্থগিত থাকায় জম্মু ও কাশ্মীরের কোনো সুবিধা হচ্ছে কি না, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, “চুক্তি স্থগিত থাকলেও বর্তমানে চালু থাকা রাটলে বা পাকাল ডুল-এর মতো প্রকল্পে এর তাৎক্ষণিক কোনো প্রভাব আমরা দেখিনি। কারণ এগুলোর নকশা বা জল ধারণ ক্ষমতার কোনো পরিবর্তন হয়নি।”
তবে মুখ্যমন্ত্রী আশার কথা শুনিয়েছেন ভবিষ্যৎ প্রকল্পের ক্ষেত্রে। তিনি জানান, চুক্তি শিথিল হলে তুলাবুল নেভিগেশন ব্যারেজের মতো কাজ শেষ করা যাবে, যা ঝিলাম নদীর নাব্য বাড়িয়ে উরি-১ ও উরি-২-এর মতো বিদ্যুৎ প্রকল্পে উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে জল ব্যবস্থাপনায় বাড়তি স্বাধীনতা রাজ্যের জন্য ইতিবাচক হতে পারে বলে মনে করেন তিনি।