ভারতের উপর কখন লাগু হচ্ছে ১৮% ট্যারিফ? যে খবর জানালো আমেরিকা

আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধে বড় জয় ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পরেই এল সেই কাঙ্ক্ষিত সুখবর। ভারতের উপর চাপানো অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক (Extra Tariff) প্রত্যাহার করে নিল আমেরিকা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকেই কার্যকর হয়েছে এই নতুন নিয়ম।

কী বদল এল শুল্ক কাঠামোয়?
হোয়াইট হাউসের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যের ওপর এখন থেকে আর অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা দিতে হবে না। এর বদলে সংশোধিত ১৮ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে আজ থেকেই। উল্লেখ্য, ভারত মার্কিন পণ্যের ওপর শুল্ক বসানোয় ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ হিসেবে এই কর চাপিয়েছিল ওয়াশিংটন। এছাড়া রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে যে বাড়তি শাস্তিমূলক শুল্ক ভারত দিচ্ছিল, তাও পুরোপুরি মকুব করা হয়েছে।

টাকা ফেরত পাবেন ব্যবসায়ীরা!
সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, যে সব ভারতীয় পণ্য ইতিমধ্যেই মার্কিন বন্দরে পৌঁছে গিয়েছে বা মাঝপথে (Transit) রয়েছে, সেগুলিও এই ছাড়ের আওতায় আসবে। মার্কিন কাস্টমস স্পষ্ট জানিয়েছে, যদি কোনো চালানের ওপর ভুলবশত অতিরিক্ত ২৫ শতাংশ কর নেওয়া হয়ে থাকে, তবে সেই টাকা ব্যবসায়ীদের ফেরত (Refund) দেওয়া হবে।

বিশেষ দ্রষ্টব্য: সোমবার মোদী-ট্রাম্পের ফোনালাপের পর ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় প্রথম এই সমঝোতার ইঙ্গিত দিয়েছিলেন। শনিবার সকালে হোয়াইট হাউস এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল যৌথ বিবৃতির মাধ্যমে এই ‘অন্তর্বর্তী’ বাণিজ্য চুক্তির কথা নিশ্চিত করেন।

কেন এই চুক্তি ঐতিহাসিক?
দুই দেশের সরকারই এই চুক্তিকে ‘পারস্পরিকভাবে উপকারী’ বলে অ্যাখ্যা দিয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রকের দাবি, প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমেরিকার সঙ্গে অনেক ভালো শর্তে এই চুক্তি করতে সক্ষম হয়েছে ভারত। সবথেকে বড় বিষয়, কৃষি ও ডেয়ারি খাতের স্বার্থ বজায় রেখেই এই সমঝোতা হয়েছে, যা ভারতীয় কৃষকদের সুরক্ষাকে নিশ্চিত করবে।