মনোজ বাজপেয়ীর নতুন সিরিজ নিয়ে তুলকালাম! ‘ঘুষখোর পন্ডত’ নাম ঘিরে যোগীরাজ্যে FIR

বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর আসন্ন ওয়েব সিরিজ ‘ঘুষখোর পন্ডত’ মুক্তির আগেই আইনি ও সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সিরিজের নাম এবং বিষয়বস্তুকে কেন্দ্র করে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া নির্দেশে লখনউয়ে সিরিজটির নির্মাতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

কেন এই বিবাদ? অভিযোগকারীদের দাবি, ‘পন্ডিত’ বা ‘পন্ডত’ শব্দটি ঐতিহাসিকভাবে জ্ঞান, পবিত্রতা এবং সম্মানের প্রতীক। সেই শব্দের আগে ‘ঘুষখোর’ বিশেষণ যোগ করে একটি গোটা সম্প্রদায়কে দুর্নীতির সমার্থক হিসেবে তুলে ধরা হয়েছে। লখনউ পুলিশের মতে, সিরিজের প্রচারমূলক ভিডিও দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে এটি সামাজিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। শুধু উত্তরপ্রদেশ নয়, মুম্বাইয়ের এক আইনজীবী ইতিমধ্যেই নেটফ্লিক্স ও নির্মাতাদের লিগ্যাল নোটিশ পাঠিয়ে শিরোনাম পরিবর্তনের দাবি জানিয়েছেন।

আদালতে জল গড়াল: বিতর্ক এখন স্রেফ রাজপথ বা সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ নেই, পৌঁছে গিয়েছে আদালতেও। দিল্লি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে সিরিজের স্ট্রিমিং সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। যদিও নির্মাতাদের দাবি, এটি একটি কাল্পনিক চরিত্র এবং এর মাধ্যমে সমাজের দুর্নীতিকে ফুটিয়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য ছিল। তবে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর মতে, এই ধরনের উপস্থাপনা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের ওপরই এখন নির্ভর করছে মনোজ বাজপেয়ীর এই হাই-ভোল্টেজ সিরিজের ভবিষ্যৎ।