স্ট্যাটাস প্রাইভেসি হবে আরও ব্যক্তিগত; হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে বিশেষ রঙিন রিং-এর সুবিধা

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস প্রাইভেসি কন্ট্রোল এখন আরও সহজ এবং ব্যক্তিগত হতে চলেছে। ‘WABetaInfo’-এর রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৬.৫.১৩-তে এই নতুন ফিচারের সন্ধান পাওয়া গিয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা তৈরি করতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন যে তাঁদের স্ট্যাটাস আপডেটটি সবাই দেখবে নাকি শুধুমাত্র ওই বিশেষ তালিকায় থাকা বন্ধুরা।

এই ফিচারের বিশেষত্ব হলো, যখন আপনি ক্লোজ ফ্রেন্ডসদের জন্য কোনো স্ট্যাটাস দেবেন, তখন আপনার প্রোফাইল ছবির চারপাশে একটি ভিন্ন রঙের রিং দেখা যাবে। এর মাধ্যমে আপনার তালিকায় থাকা বন্ধুরা বুঝতে পারবেন যে এটি কেবল একটি বিশেষ গ্রুপের জন্য শেয়ার করা হয়েছে। ব্যবহারকারীরা যখন খুশি এই তালিকায় নাম যোগ বা বাদ দিতে পারবেন। বর্তমানে এই ফিচারটি তৈরির কাজ চলছে এবং খুব শীঘ্রই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য রোল-আউট করা হতে পারে।