বাজেটে কেবলই ভোটের অঙ্ক, নেই অর্থনৈতিক ভবিষ্যৎ! মমতা সরকারকে কড়া আক্রমণ অশোক লাহিড়ীর

ভোটের আবহে একগুচ্ছ ভাতা আর জনমোহিনী প্রতিশ্রুতির ডালি সাজিয়ে রাজ্য বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বাজেটকে আদতে ‘অর্থনৈতিক দিশাহীন’ বলে তীব্র কটাক্ষ করলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী। তাঁর মতে, এই বাজেট কেবল আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে সাজানো হয়েছে, রাজ্যের দীর্ঘমেয়াদী উন্নতির কোনও রূপরেখা এতে নেই।

কদিন আগেই কেন্দ্রীয় বাজেটকে ‘হাম্পটি ডাম্পটি’ বলে উপহাস করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সেই সুরেই পাল্টা আক্রমণ শানিয়ে অশোক লাহিড়ী বলেন, রাজ্যের বর্তমান বাজেট কেবল প্রতিশ্রুতির বন্যা। যেখানে ঋণের বোঝা আকাশ ছুঁয়েছে, সেখানে নতুন করে ভাতার রাজনীতি রাজ্যকে গভীর আর্থিক সঙ্কটে ফেলবে। ওয়াকিবহাল মহলের মতে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদের এই সমালোচনা শাসক দলের অস্বস্তি বাড়াতে পারে।