সোমবার পর্যন্ত মুলতবি লোকসভা! ১৮ ঘণ্টা নষ্ট হওয়ায় বিরোধীদের কড়া ভর্ৎসনা স্পিকারের

শুক্রবার লোকসভা শুরু হতেই বিরোধী সাংসদদের হইহট্টগোল ও স্লোগানবাজির জেরে অধিবেশন আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছে। বাজেট অধিবেশন শুরুর পর থেকে এ নিয়ে প্রায় ১৯ ঘণ্টা ১৩ মিনিট সময় নষ্ট হওয়ায় স্পিকার ওম বিড়লা বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, “জনগণ আপনাদের আলোচনার জন্য নির্বাচিত করেছেন, স্লোগান দেওয়ার জন্য নয়।”

বিরোধীদের প্রতিবাদের মূলে ছিল ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি (যাকে বিরোধীরা ‘ট্র্যাপ ডিল’ বলে অভিহিত করছেন) এবং প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নারভানের অপ্রকাশিত স্মৃতিকথা নিয়ে বিতর্ক। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অন্যান্য সাংসদেরা প্ল্যাকার্ড হাতে সংসদের ‘মকর দ্বারে’ বিক্ষোভ দেখান। গত কয়েকদিন ধরেই এই ইস্যুতে উত্তাল সংসদ, যার জেরে কেন্দ্রীয় বাজেটের ওপর সাধারণ আলোচনাও শুরু করা সম্ভব হয়নি।