জওয়ানের গুলিতে ঝাঁঝরা ৪ সহকর্মী!, জম্মু-কাশ্মীরের CISF ক্যাম্পে রক্তক্ষয়ী সংঘর্ষ

জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় এক সিআইএসএফ (CISF) ক্যাম্পে ঘটে গেল মর্মান্তিক ও ভয়াবহ গুলির লড়াই। পারস্পরিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চারজন সিআইএসএফ জওয়ান। মঙ্গলবার সন্ধ্যায় বাসোহলি এলাকার সেওয়া টু হাইডেল প্রজেক্টের ক্যাম্পের ভিতরেই এই রক্তক্ষয়ী ঘটনাটি ঘটে, যা ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ সেওয়া টু হাইডেল প্রজেক্টের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের মধ্যেই হঠাৎ গন্ডগোল বাধে। অভিযোগ, এক সিআইএসএফ কর্মী তাঁর সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। আকস্মিক এই হামলায় চারজন জওয়ান গুরুতর জখম হন। ঘটনার পরই ক্যাম্পের ভেতর তৎপরতা শুরু হয় এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু তাঁদের আঘাত এতটাই মারাত্মত ছিল যে, শেষ পর্যন্ত চারজনকেই বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁদের মৃত্যু হয়।
তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি। জওয়ানদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা, মানসিক অবসাদ নাকি অন্য কোনো কারণে এই চরম পদক্ষেপ করা হয়েছে, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ঘটনার পরপরই সিআইএসএফ সদর দফতর থেকে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয়টির ওপর সরাসরি নজর রাখছেন খোদ সিআইএসএফের ডিজি।
কোর্ট অফ ইনকোয়ারির মাধ্যমে ঘটনার নেপথ্য সত্য উদঘাটনের চেষ্টা চলছে। গুলি চালানোর ঠিক আগে ক্যাম্পে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, জওয়ানদের মধ্যে কোনো উত্তপ্ত বাক্যবিনিময় বা বিবাদ হয়েছিল কি না এবং ঘটনার পূর্ণাঙ্গ ক্রম কী ছিল—সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দপ্তরে তদন্তের রিপোর্ট জমা পড়ার পরেই এই ভয়াবহ ট্র্যাজেডির আসল কারণ পরিষ্কার হতে পারে।