ডাস্টবিনে পড়ে থাকা ছেঁড়া কাগজে ভাগ্যবদল! ৪ হাজারি কেরানি থেকে লাখপতি ব্যবসায়ী ছত্তিশগড়ের অঞ্জনা

ছত্তিশগড়ের কোরিয়া জেলার এক সাধারণ আদিবাসী মহিলার জীবন বদলে দিল ডাস্টবিনে পড়ে থাকা এক টুকরো ছেঁড়া কাগজ। ৪ হাজার টাকা মাইনের ডেটা এন্ট্রি অপারেটর থেকে অঞ্জনা উরাওঁ আজ এক সফল নারী উদ্যোক্তা। তাঁর এই অদম্য জেদ এবং সাহসের কাহিনী আজ গোটা রাজ্যের নারীদের কাছে এক বড় অনুপ্রেরণা।
যেভাবে শুরু হলো জয়যাত্রা: অঞ্জনা কোরিয়া জেলার খণ্ডগাঁও পঞ্চায়েত অফিসে খণ্ডকালীন কাজ করতেন। লকডাউনের সময় বেতন কমে যাওয়ায় সংসার চালানো দুষ্কর হয়ে পড়ে। ২০১৭ সালে অফিসের বাইরে আবর্জনার স্তূপে একটি ছেঁড়া কাগজ পান তিনি, যাতে লেখা ছিল ‘প্রধানমন্ত্রী ক্ষুদ্র স্বরোজগার যোজনা’র খুঁটিনাটি। সেই কাগজটিই বদলে দেয় অঞ্জনার চিন্তা। তিনি চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরুর সিদ্ধান্ত নেন।
চ্যালেঞ্জ ও সাফল্য: জেলা শিল্প কেন্দ্রের সাহায্যে অঞ্জনা ‘ফ্লাই অ্যাশ’ ইট তৈরির কারখানা খোলার পরিকল্পনা করেন। ব্যাংক থেকে ৩০ লক্ষ টাকার লোন পাওয়া সহজ ছিল না। বারবার ব্যর্থতা এবং সমাজের উপহাস সহ্য করেও তিনি পিছু হঠেননি। অবশেষে ২০২৫ সালে শুরু হয় ‘অঞ্জনা এন্টারপ্রাইজ’। আজ তাঁর কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার ইট তৈরি হচ্ছে। বছরে তাঁর আয় এখন ৬ থেকে ৭ লক্ষ টাকা।
প্রশাসনের প্রশংসা: কোরিয়া জেলার জেলাশাসক চন্দন ত্রিপাঠী অঞ্জনার এই সাফল্যের প্রশংসা করে বলেন, “অঞ্জনা নারী ক্ষমতায়নের এক জ্বলন্ত উদাহরণ। ডাস্টবিনে পড়ে থাকা একটি কাগজ থেকে অনুপ্রাণিত হয়ে আজ তিনি কেবল স্বাবলম্বী নন, বরং অন্যদেরও কর্মসংস্থান জোগাচ্ছেন।”