হাথরাসে রণক্ষেত্র! আদালত থেকে ফেরার পথে সেনা জওয়ানকে ঘিরে ধরে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা

উত্তরপ্রদেশের হাথরাসে প্রকাশ্য দিবালোকে এক সেনা জওয়ানকে নৃশংসভাবে গুলি করে হত্যা করল অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা। বৃহস্পতিবার আগ্রা-আলিগড় মহাসড়কে এই নজিরবিহীন হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আদালত থেকে নিজের গাড়িতে বাড়ি ফেরার পথে সেনাকর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে খবর, নিহত জওয়ান কোনও আইনি কাজে আদালতে গিয়েছিলেন। সাদাবাদ কোতোয়ালি এলাকার মুন্নি দেবী কোল্ড স্টোরেজের কাছে ওত পেতে থাকা হামলাকারীরা হঠাৎই জওয়ানের গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। প্রাণ বাঁচাতে ওই সেনাকর্মী গাড়ি থেকে নেমে পাশের একটি ফাঁকা জায়গার দিকে দৌড়ানোর চেষ্টা করেন। কিন্তু ঘাতকরা পিছু ধাওয়া করে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়েই সাদাবাদ কোতোয়ালি পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতা বা পরিকল্পিত আক্রোশ থেকেই এই খুন। হামলাকারীদের শনাক্ত করতে মহাসড়কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার গুরুত্ব বিচার করে অপরাধীদের ধরতে ইতিমধ্যেই পাঁচটি বিশেষ দল গঠন করেছে পুলিশ। এক জন সেনা জওয়ানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Samrat Das
  • Samrat Das