ভক্তি নাকি নৃশংসতা? তেলেঙ্গানার মন্দিরে ৫০টি ছাগলকে ‘তিল তিল করে’ হত্যা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

ভক্তি আর অন্ধবিশ্বাসের মাঝে সীমারেখা কোথায়? তেলেঙ্গানার জাগতিয়াল জেলার রায়কাল মণ্ডলের ভীমেশ্বর মন্দিরে তিন দিনের ‘ভীমান্ন জাতারা’ উৎসবের শেষে যে ভয়াবহ দৃশ্য সামনে এল, তা এই প্রশ্নকেই আবার উস্কে দিয়েছে। উৎসবের শেষ দিনে ‘গাভু পট্টাদম’ নামক একটি আচারের নামে প্রায় ৫০ থেকে ৭০টি ছাগলকে অত্যন্ত নৃশংসভাবে বলি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথাগতভাবে এক কোপে বলি দেওয়ার বদলে পশুগুলিকে গলা কেটে দীর্ঘক্ষণ যন্ত্রণার মধ্যে ফেলে রাখা হয়েছে। রক্তক্ষরণ হতে হতে পশুগুলি ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে। এই বীভৎস দৃশ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে পশুপ্রেমী সংগঠনগুলি। প্রাণী অধিকার কর্মী আদুলপুরম গৌতমের অভিযোগের ভিত্তিতে রাইকাল পুলিশ উৎসবের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে তেলেঙ্গানা পশু ও পাখি বলিদান নিষিদ্ধকরণ আইন (১৯৫০) এবং প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের (১৯৬০) বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

আশ্চর্যের বিষয় হলো, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও এই বলিদান রোখা যায়নি। পুলিশের সাফাই, তাঁরা কেবল ভিড় সামলাতে গিয়েছিলেন এবং এই আচার দেখেননি। অন্যদিকে, মন্দিরের পুরোহিত দেবুনি লিঙ্গাইয়া এই প্রথাকে সমর্থন করে জানিয়েছেন, এটি বংশপরম্পরায় চলে আসা একটি ঐতিহ্য এবং ভক্তদের বিশ্বাস এতে মনোস্কামনা পূরণ হয়। যদিও প্রশাসনের কড়া অবস্থানের পর এই প্রাচীন ও বিতর্কিত প্রথা বন্ধ হবে কি না, সেটাই এখন দেখার।

Samrat Das
  • Samrat Das