বিদেশের ভক্তদের জন্য সুখবর! মায়াপুর থেকে দিঘা যাওয়া এখন জলভাত, জেনে নিন বাসের সময়সূচি ও ভাড়া

পশ্চিমবঙ্গের পর্যটন ও আধ্যাত্মিক মানচিত্রে যুক্ত হলো এক নতুন পালক। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (SBSTC) উদ্যোগে ফেব্রুয়ারি মাস থেকে সরাসরি শুরু হলো দিঘা থেকে নবদ্বীপ যাত্রী পরিবহণ পরিষেবা। এখন থেকে পুণ্যার্থী ও পর্যটকরা কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র ২৫০ টাকা ভাড়ায় সমুদ্র শহর দিঘা থেকে সরাসরি শ্রীধাম নবদ্বীপে পৌঁছে যেতে পারবেন। দিঘার নবনির্মিত জগন্নাথধাম এবং নবদ্বীপধামের মধ্যে এই সরাসরি সংযোগ দুই তীর্থক্ষেত্রের মেলবন্ধনে এক ঐতিহাসিক পদক্ষেপ।
পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত এই রুটে দুটি সরকারি বাস চলাচল করবে। সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টায় দিঘা থেকে বাসটি নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে। অন্যদিকে, নবদ্বীপ থেকে প্রতিদিন সকাল ৬টায় বাসটি ছাড়বে দিঘার উদ্দেশ্যে। এই পরিষেবার ফলে যাত্রীদের আর খড়গপুর বা কলকাতা হয়ে ঘুরপথে যেতে হবে না, যা সময় ও অর্থ দুই-ই সাশ্রয় করবে। অনলাইনে অ্যাপের মাধ্যমেও এই বাসের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে।
দিঘা জগন্নাথধাম ট্রাস্ট কমিটির সদস্য তথা কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “প্রতি বছর বিশ্বের নানা দেশ থেকে হাজার হাজার ইসকন ভক্ত মায়াপুরে আসেন। তাঁদের অনেকেই দিঘার জগন্নাথধাম দর্শন করতে চান। এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে বিদেশি ভক্তদের জন্য নিরাপদ ও সুবিধাজনক হবে।” রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের তীর্থযাত্রীদের মধ্যে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত খুলে গেল।