সুপ্রিম কোর্টে লড়বেন খোদ মমতা! এলএলবি ডিগ্রি নিয়ে কি সওয়াল করতে পারবেন মুখ্যমন্ত্রী?

বুধবার দেশের সর্বোচ্চ আদালতে এসআইআর (SIR) মামলার এক গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। তবে এই শুনানি ঘিরে অন্য একটি কারণেও জল্পনা তুঙ্গে—তা হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উপস্থিতি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তী আবেদন দাখিল করেছেন যেখানে তিনি ব্যক্তিগতভাবে তাঁর বক্তব্য পেশ করার অনুমতি চেয়েছেন। তাঁর নামে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের গেট পাস ইস্যু করা হয়েছে, যা তাঁর উপস্থিতিকে একপ্রকার নিশ্চিত করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় একজন এলএলবি ডিগ্রিধারী। কিন্তু প্রশ্ন উঠছে, একজন মুখ্যমন্ত্রী তথা এলএলবি ডিগ্রিধারী ব্যক্তি কি আইনজীবীর সাহায্য ছাড়া নিজে সওয়াল করতে পারেন? ভারতীয় আইন অনুযায়ী, শুধুমাত্র আইনের ডিগ্রি থাকলেই আদালতে ওকালতি করার অধিকার জন্মায় না। ‘অ্যাডভোকেটস অ্যাক্ট, ১৯৬১’ এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে, কোনও ব্যক্তিকে আদালতে সওয়াল করতে হলে কোনও রাজ্য বার কাউন্সিলে নথিভুক্ত হতে হবে এবং ‘অল ইন্ডিয়া বার এক্সামিনেশন’ (AIBE) উত্তীর্ণ হয়ে প্র্যাকটিস সার্টিফিকেট থাকতে হবে।

মুখ্যমন্ত্রী তাঁর আবেদনে জানিয়েছেন, তিনি এই মামলার একজন আবেদনকারী এবং পুরো ঘটনাপ্রবাহ সম্পর্কে গভীরভাবে অবহিত। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই প্রক্রিয়ায় কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার প্রত্যক্ষ জ্ঞান তাঁর রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি সূর্য কান্ত। আদালত চাইলে কোনো আবেদনকারীকে (Party-in-Person) হিসেবে বক্তব্য পেশ করার অনুমতি দিতে পারে। বুধবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বিচারকের সামনে সওয়াল করতে দেখা যাবে? গোটা দেশের নজর এখন দিল্লির দিকে।