‘নথি ছিনতাই করিনি, ওগুলো পার্টির কাগজ!’ সুপ্রিম কোর্টে ইডি-র বিরুদ্ধে পাল্টা তোপ মমতার

আইপ্যাক (I-PAC) অফিসে ইডির তল্লাশিতে বাধাদান এবং নথি ছিনতাইয়ের অভিযোগে সুপ্রিম কোর্টে পালটা হলফনামা জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির সমস্ত অভিযোগ খারিজ করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি তদন্তকারী সংস্থার কোনো নথি স্পর্শ করেননি; বরং তৃণমূল কংগ্রেসের কিছু রাজনৈতিক গোপন নথি ও ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করেছেন যা ইডি অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করছিল।

হলফনামায় বিস্ফোরক দাবি: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কয়লা কাণ্ডের তদন্তের নামে আসলে তৃণমূলের রাজনৈতিক রণকৌশল ও গোপন তথ্য চুরি করাই ছিল ইডির মূল লক্ষ্য। তিনি মাত্র অল্প সময়ের জন্য সেখানে উপস্থিত ছিলেন এবং তদন্তে কোনো বাধা দেননি। হলফনামায় দাবি করা হয়েছে, ইডির কাছে কোনো সঠিক সার্চ ওয়ারেন্ট ছিল না এবং কয়লা পাচারের টাকার সঙ্গে প্রতীক জৈনের সরাসরি যোগসূত্র আইনিভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সংস্থা।

তৃণমূলের পাল্টা অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের দাবি, ইডির বাজেয়াপ্ত করা তালিকার (পঞ্চনামা) কোথাও মুখ্যমন্ত্রী নথি নিয়ে গিয়েছেন বলে উল্লেখ নেই। ভোটের আগে বিরোধীদের দমানোর জন্য এটি একটি পরিকল্পিত ছক। অন্যদিকে, ইডির দাবি অনুযায়ী, অনুপ মাজির কয়লা চুরির ১০ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের মধ্যস্থতায় লেনদেন হয়েছে। এই আইনি লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।