পাকিস্তানের ‘দুমুখো’ নীতি! ছেলেদের বিশ্বকাপে বয়কট, কিন্তু ভারতের বিরুদ্ধেই খেলবে পাক মেয়েরা

একই দেশ, একই বোর্ড, কিন্তু ভারতের বিরুদ্ধে খেলার ক্ষেত্রে দু’রকম নীতি! টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে পাকিস্তান পুরুষ দল যখন বয়কটের ডাক দিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে, ঠিক তখনই উল্টো সুর পাকিস্তান ক্রিকেট বোর্ডে (PCB)। ছেলেদের ক্ষেত্রে ‘না’ বললেও, মেয়েদের ক্রিকেটে ভারতের মুখোমুখি হতে কোনো আপত্তি নেই গ্রিন আর্মির। ব্যাংককে আসন্ন এশিয়া কাপে ভারতের বিপক্ষে লড়তে প্রস্তুত পাকিস্তানের মেয়েরা।
দ্বিমুখী অবস্থান: ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা মেয়েদের এশিয়া কাপে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ হওয়ার কথা। আশ্চর্যের বিষয় হলো, একই দিনে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান সরকার সাফ জানিয়ে দিয়েছে, ছেলেদের দল ভারতের বিরুদ্ধে খেলবে না। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানেই পিসিবি মেয়েদের ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে খেলার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই।
বিতর্কের মূলে: একই দিনে দুই দলের জন্য কেন দুই রকম ভাবনা? রাজনৈতিক টানাপোড়েন কি শুধুই ছেলেদের ক্রিকেটের জন্য? ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে, পাকিস্তান কি সত্যিই ‘নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ’ করতে চাইছে? আইসিসি ইতিমাজেই স্পষ্ট করে দিয়েছে যে, টুর্নামেন্টে অংশগ্রহণ করা যে কোনো দলের জন্য বাধ্যতামূলক। শেষ পর্যন্ত পাকিস্তান মেয়েদের দল মাঠে নামলে ছেলেদের দলের বয়কটের যুক্তি ধোপে টিকবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।