কেন্দ্রীয় সরকারি কর্মীদের পোয়াবারো! বাড়ছে ডিএ, এক লাফে ৬০ শতাংশে পৌঁছবে মহার্ঘ ভাতা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা যখন বকেয়া ডিএ (DA) এবং পঞ্চম পে কমিশনের রায়ের অপেক্ষায় দিন গুনছেন, ঠিক সেই সময়েই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর নিয়ে এল ২০২৬ সালের শুরুটা। শ্রম ব্যুরোর সাম্প্রতিক তথ্য (AICPI-IW) অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবার ৬০ শতাংশে পৌঁছাতে চলেছে।
মূল আপডেট: বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ডিসেম্বরের উপভোক্তা মূল্য সূচক বা এআইসিপিআই-আইডব্লিউ (AICPI-IW) ১৪৮.২ পয়েন্টে স্থির থাকায় গাণিতিক হিসেবে ডিএ দাঁড়াচ্ছে ৬০.৩৩ শতাংশ। ভগ্নাংশ গ্রাহ্য না হওয়ায় এবার ২ শতাংশ বৃদ্ধি প্রায় নিশ্চিত। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই এই নতুন হার কার্যকর হবে। যদিও এর আনুষ্ঠানিক ঘোষণা সাধারণত মার্চ বা এপ্রিলে হোলি উৎসবের আগে করা হয়।
বেতনে প্রভাব: এই বৃদ্ধির ফলে প্রায় ১ কোটি চাকুরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন। যদি কারও মূল বেতন ৫০,০০০ টাকা হয়, তবে ৬০% ডিএ-তে তিনি মাসে ৩০,০০০ টাকা মহার্ঘ ভাতা পাবেন, যা আগের চেয়ে ১,০০০ টাকা বেশি। যদিও এই ২ শতাংশ বৃদ্ধি গত কয়েক বছরের নিরিখে কিছুটা কম, তবুও মুদ্রাস্ফীতির বাজারে বাড়তি টাকা কর্মীদের পকেটে স্বস্তি দেবে।