বড়সড় আইনি বিপাকে শাহিদ-তৃপ্তির ‘ও রোমিও’! মুক্তির আগেই বন্ধ হতে পারে সিনেমা? আদালতের দরজায় গ্যাংস্টারের কন্যা

বলিউড সুপারস্টার শাহিদ কাপুর এবং তৃপ্তি ডিম্রির আসন্ন ছবি ‘ও রোমিও’ (O Romeo) ঘিরে শুরু হয়েছে চরম আইনি লড়াই। ঝলমলে টিজার মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তাতে এখন জল ঢেলে দিয়েছে এক চাঞ্চল্যকর অভিযোগ। ছবিটি বাস্তব জীবনের তথ্য বিকৃত করে তৈরি করা হয়েছে— এই অভিযোগে এবার বোম্বে উচ্চ আদালতের দরজায় কড়া নাড়লেন এক সময়ের মুম্বইয়ের দাপুটে গ্যাংস্টারের মেয়ে।
পরিচালক বিশাল ভরদ্বাজ এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার দাবি, ছবিটি জনপ্রিয় বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ (Mafia Queens of Mumbai) থেকে অনুপ্রাণিত। তাঁরা সম্পূর্ণ আইনি সত্ত্ব মেনেই এই কাজ করেছেন এবং এটি একটি ফিকশন বা কল্পকাহিনী। কিন্তু এই যুক্তিতে চিঁড়ে ভিজছে না। মুম্বইয়ের তৎকালীন ডন হুসেইন উস্তারার কন্যা সানোবর শাইখ আদালতে পিটিশন দাখিল করে দাবি করেছেন, ছবিতে তাঁর পিতাকে অত্যন্ত কুরুচিকর এবং ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
সানোবরের দাবি, টিজারে ‘বাস্তব ঘটনা’ হিসেবে যা দেখানো হয়েছে তা তাঁর বাবার চরিত্রের সঙ্গে মোটেও খাপ খায় না। এতে তাঁদের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং পরিবারের মানসিক ক্ষতি হচ্ছে। সানোবর ইতিমধ্যেই ১৩ ফেব্রুয়ারি নির্ধারিত ছবির মুক্তি স্থগিত বা বাতিল করার আবেদন জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ছবি রিলিজের আগে তাঁকে প্রাক-প্রদর্শনের (Pre-screening) সুযোগ দিতে হবে যাতে তিনি আপত্তিকর দৃশ্যগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারেন।
এই বিচারাধীন মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৬ ফেব্রুয়ারি। আদালতের সেই রায়ের ওপরই নির্ভর করছে শাহিদ-তৃপ্তির এই বিগ বাজেট ছবির ভাগ্য। ইতিমধ্যেই আইনি জটিলতার কারণে ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টও কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। নির্মাতারা আইনি লড়াই চালিয়ে গেলেও, কোর্টের রায় না আসা পর্যন্ত ‘ও রোমিও’র ভবিষ্যৎ নিয়ে শঙ্কা কাটছে না টিনসেল টাউনে।