একই আকাশে ৪টি চাঁদ! রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অলৌকিক দৃশ্য, তবে কি পৃথিবী ধ্বংসের সংকেত?

গত ১ ফেব্রুয়ারি রাতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের বাসিন্দারা যা দেখলেন, তা হয়তো তাঁদের কল্পনারও অতীত ছিল। ঘুটঘুটে অন্ধকার আকাশে জ্বলজ্বল করছে একটি নয়, দুটি নয়, একেবারে চারটি চাঁদ! এই অভূতপূর্ব এবং বিরল দৃশ্য দেখে শহরের মানুষ আতঙ্কিত এবং বিস্মিত হয়ে পড়েন। কেউ একে ভিনগ্রহীদের কাজ বলে মনে করছেন, আবার কেউ ভাবছেন এটি হয়তো কোনো অশুভ সংকেত। নিমেষের মধ্যে সেই ৪টি চাঁদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
আসলে এটি কী? বিজ্ঞান যা বলছে: আকাশে যখন বাস্তবে একটিই চাঁদ বর্তমান, তখন ৪টি চাঁদ এল কোত্থেকে? বিজ্ঞানীদের মতে, এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি একটি বিরল অপটিক্যাল ইলিউশন বা আলোকভ্রম। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘প্যারাসেলিন’ (Paraselene) বা ‘মুন ডগ’ (Moon Dog)। অনেকটা দিনের বেলায় দেখা যাওয়া ‘সান ডগ’-এর মতোই এটি চাঁদের ক্ষেত্রে ঘটে থাকে।
কেন এমন হয়? আবহাওয়াবিদ ও মহাকাশ গবেষকদের মতে, পৃথিবীর বায়ুমণ্ডলের উঁচুতে থাকা সাইরাস (Cirrus) মেঘের মধ্যে জমে থাকা অসংখ্য বরফ স্ফটিকের মাধ্যমেই এই ভেলকি তৈরি হয়। যখন চাঁদের আলো এই বরফ স্ফটিকগুলোর মধ্য দিয়ে যাওয়ার সময় প্রতিসৃত (Refraction) হয়, তখন মূল চাঁদের পাশে আরও কয়েকটি প্রতিচ্ছবি বা ‘নকল চাঁদ’ তৈরি হয়।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে, এই নকল চাঁদগুলি সাধারণত আসল চাঁদ থেকে ২২ ডিগ্রি কোণে অবস্থান করে। যখন চাঁদ দিগন্তের কাছাকাছি থাকে, তখন এই দৃশ্য সবথেকে স্পষ্ট দেখা যায়। বরফ স্ফটিকের আকার যত বড় হয়, এই নকল চাঁদগুলি তত উজ্জ্বল এবং দীর্ঘ দেখায়। রাশিয়ার এই ঘটনায় বরফ স্ফটিকের বিশেষ বিন্যাসই ৪টি চাঁদের বিভ্রম তৈরি করেছিল।