সাক্ষাৎ যমদূতের সামনে দাঁড়িয়ে ব্যক্তি! বিষহীন অজগরের ভয়ঙ্কর রূপ দেখে ঘাম ছুটল নেটপাড়ার

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই এমন কিছু ভিডিও সামনে আসে যা দেখে চোখের পলক ফেলা দায় হয়ে পড়ে। সম্প্রতি একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি ও এক দানবীয় অজগরের মধ্যে জীবন-মরণ লড়াই। সাপের নাম শুনলেই যেখানে সাধারণ মানুষের বুক দুরুদুরু করে, সেখানে এই ব্যক্তি যা ঘটিয়েছেন তা দেখে নেটিজেনরা রীতিমতো বাকরুদ্ধ।
ভিডিওর শুরুতে দেখা যায়, ঘন ঝোপের আড়ালে লুকিয়ে থাকা একটি বিশাল অজগরকে অত্যন্ত সাহসের সাথে লেজ ধরে টেনে বাইরে বের করে আনছেন ওই ব্যক্তি। সাপটি মোটেই এই আচরণে খুশি ছিল না। মুহূর্তের মধ্যে সেটি কুন্ডলী পাকিয়ে সজোরে আক্রমণ করে বসে ওই ব্যক্তির ওপর। কিন্তু ব্যক্তির ক্ষিপ্রতা ছিল দেখার মতো! অজগরটি বারবার ফণা তুলে আক্রমণ করার চেষ্টা করলেও প্রতিবারই চুলচেরা ব্যবধানে নিজেকে বাঁচিয়ে নেন তিনি।
টানটান উত্তেজনার এই ভিডিওটি ১ মিনিট ৯ সেকেন্ডের। লড়াইয়ের এক পর্যায়ে দেখা যায়, সাপটির বারবার আক্রমণে ওই ব্যক্তি রীতিমতো ঘামতে শুরু করেছেন। তবে হার মানার পাত্র তিনি নন। নিজের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত তিনি অজগরটির মুখ এমনভাবে চেপে ধরেন যাতে সেটি আর কামড়াতে না পারে। এক্স-এ (টুইটার) পোস্ট করা এই ভিডিওটি ইতিমধ্যে ১.৯ মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। কমেন্ট সেকশনে কেউ তাকে ‘রিয়েল লাইফ টারজান’ বলছেন, আবার কেউ বলছেন এটি নিছক পাগলামি ছাড়া আর কিছুই নয়।