বড় ধামাকা! টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল ঘোষিত, বাদ পড়লেন রিজওয়ান ও রউফ!

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। তবে দল ঘোষণায় একের পর এক চমক দিয়েছে নির্বাচক কমিটি। সালমান আলী আঘার কাঁধে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হলেও, দল থেকে ছেঁটে ফেলা হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম দুই স্তম্ভ মোহাম্মদ রিজওয়ান এবং হারিস রউফকে। রবিবার সালমান আলী আঘা এবং আকিব জাভেদ যৌথভাবে এই দল ঘোষণা করেন।

কেন বাদ পড়লেন রউফ ও রিজওয়ান? হারিস রউফের অভিষেকের পর এই প্রথম কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে ছাড়াই মাঠে নামবে পাকিস্তান। অন্যদিকে, ফর্মে থাকা নিয়ে দীর্ঘদিনের টালবাহানার জেরে রিজওয়ানের বাদ পড়া আগে থেকেই অনুমিত ছিল। রিজওয়ানের জায়গায় উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দলে সুযোগ পেয়েছেন উসমান খান। এ ছাড়াও দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

বাবরের ওপর আস্থায় বিস্ময় সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো বাবর আজমের সুযোগ পাওয়া। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অত্যন্ত মন্থর ব্যাটিং করেছেন বাবর। ১০৪-এর কম স্ট্রাইক রেট নিয়ে ২০২ রান করা বাবরের পারফরম্যান্স নিয়ে তুমুল সমালোচনা চলছিল। পরিসংখ্যান অনুযায়ী, বিগ ব্যাশে ২০০-র বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে বাবরের স্ট্রাইক রেটই ছিল সর্বনিম্ন। তা সত্ত্বেও তাঁর অভিজ্ঞতার ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, মোহাম্মদ সালমান মির্জা, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, উসমান তারিক এবং উসমান খান।