‘কমিশনের অ্যাপের দখল নিতে চাইছে বহিরাগতরা!’ বিস্ফোরক অভিযোগে দিল্লি কাঁপানোর হুঁশিয়ারি অভিষেকের

রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ১ লক্ষ তৃণমূল নেতা-কর্মীকে নিয়ে করা এক মেগা ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক অভিযোগ তোলেন, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে। এমনকি কমিশনের অ্যাপের নিয়ন্ত্রণ নিতে ডিইও-দের ওপর চাপ তৈরির মতো গুরুতর অভিযোগও এনেছেন তিনি।

আদালতে যাওয়ার হুঁশিয়ারি: অভিষেকের প্রধান আপত্তি কমিশনের একটি সাম্প্রতিক বিবৃতি নিয়ে। সেখানে বলা হয়েছে, ভোটারদের শুনানিকেন্দ্রে সশরীরে উপস্থিত হতে হবে। একে সুপ্রিম কোর্টের অবমাননা হিসেবে দেখছেন অভিষেক। তিনি স্পষ্ট জানান, “যাঁরা অসুস্থ বা বয়স্ক, তাঁরা কেন সশরীরে যাবেন? শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী অথোরাইজেশন লেটার বা বিএলএ-২-কে সাথে নিয়ে শুনানিতে যাওয়া যাবে। কমিশন কেন নতুন করে নিয়ম চাপাচ্ছে?” এই নির্দেশকে চ্যালেঞ্জ করে পুনরায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অ্যাপ ও লগ-ইন বিতর্ক: বৈঠকে আরও এক বিস্ফোরক তথ্য ফাঁস করেন অভিষেক। তাঁর দাবি, বাংলায় আগত মাইক্রো অবজার্ভাররা জেলা নির্বাচনী কর্মকর্তা বা ডিইও-দের কাছ থেকে কমিশনের অ্যাপের ‘লগ-ইন’ আইডি ও পাসওয়ার্ড চাইছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি আধিকারিকদের ওপর চাপ তৈরি করা হচ্ছে। অভিষেকের প্রশ্ন, গোপনীয় তথ্য কেন বাইরে পাচার করার চেষ্টা হচ্ছে? পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করে এই বিষয়েও আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।

কর্মীদের কড়া বার্তা: বুথ স্তরের এজেন্ট বা বিএলএ-২-দের অভিষেক নির্দেশ দিয়েছেন, প্রতিটি ভোটারের বাড়িতে পৌঁছে তাঁদের সহায় হতে। তিনি বলেন, “১ কোটি ৬৮ লক্ষ মানুষের নাম তালিকায় নিশ্চিত করতে হবে। হোয়াটসঅ্যাপে নয়, মাঠে নেমে কাজ করুন।” সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় তৃণমূল যে এক চুল জমিও ছাড়বে না, শনিবারের বৈঠক থেকে সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।