লন্ডনে বিরাটের প্রাসাদের দাম শুনে মাথা ঘুরবে! শাহরুখের ‘মন্নত’-এর প্রতিবেশীরাও নস্যি বিরাটের কাছে?

বাইশ গজের রাজা বিরাট কোহলি এখন লন্ডনেরই স্থায়ী বাসিন্দা? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুরন্ত শতরান হাঁকানোর পর আবারও নিজের ‘দ্বিতীয় বাড়ি’ লন্ডনে ফিরে গিয়েছেন কিং কোহলি। কিন্তু লন্ডনে কোহলি কোথায় থাকেন এবং তাঁর সেই আস্তানার বিলাসিতা ঠিক কতটা, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল আকাশছোঁয়া। সম্প্রতি এক রিপোর্টে উঠে এসেছে বিরাটের লন্ডনের বাড়ির অবাক করা তথ্য, যা শুনে খোদ বলিউড বাদশা শাহরুখ খানের প্রতিবেশীদেরও চোখ কপালে উঠতে পারে।
বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের শুরুতেই বিরাট ও অনুষ্কা লন্ডনের একটি অত্যন্ত অভিজাত বা ‘পশ’ এলাকায় নিজস্ব প্রপার্টি কিনেছেন। প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার জোনাথন ট্রট ইঙ্গিত দিয়েছিলেন যে, কোহলি ‘সেন্ট জনস উড’ (St John’s Wood) এলাকায় থাকেন, যা বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের খুব কাছে। এই এলাকায় একটি সাধারণ ফ্ল্যাটের দাম শুরু হয় ১৫-২০ কোটি টাকা থেকে। আর যদি সেটি সেলেব্রিটি গ্রেড ভিলা বা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট হয়, তবে তার দাম ১৩০ কোটি থেকে ২৭০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।
মুম্বাইয়ের সবচেয়ে দামি এলাকা ওরলি বা বান্দ্রার সঙ্গে তুলনা করলে বিরাটের লন্ডনের আস্তানা কয়েক গুণ বেশি ব্যয়বহুল। মুম্বাইয়ে শাহরুখের বাড়ি ‘মন্নত’-এর আশেপাশে একটি প্রিমিয়াম অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া যেখানে ২০-২৫ লক্ষ টাকা, লন্ডনের এই এলাকায় সেই একই মানের ভিলার মাসিক ভাড়া প্রায় দেড় কোটি টাকা। সহজ কথায়, মুম্বাইয়ের বিলাসবহুল ফ্ল্যাটে আপনি যে টাকায় সারা বছর থাকতে পারবেন, বিরাটের প্রতিবেশী হয়ে লন্ডনে থাকতে গেলে সেই টাকা এক মাসেই শেষ হয়ে যাবে। সন্তানদের পড়াশোনা এবং গোপনীয়তা বজায় রাখতেই কোহলি এই কোটি কোটি টাকার প্রাসাদকে বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।