গরিব দেশ থেকে ‘আপার মিডল ইনকাম’! ২০৩০ সালের মধ্যে কোন জাদুতে ভোলবদল হবে ভারতের?

২০৩০ সাল আসতে আর মাত্র কয়েক বছর বাকি। আর এই সময়ের মধ্যেই বিশ্ব অর্থনীতিতে এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে ভারত। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর সাম্প্রতিক রিসার্চ রিপোর্ট এক অত্যন্ত ইতিবাচক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ভারত খুব দ্রুত বিশ্বের ‘আপার মিডল ইনকাম’ (Upper Middle Income) দেশগুলোর তালিকায় নাম লেখাতে চলেছে, যেখানে বর্তমানে চীন ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো অবস্থান করছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো মাথাপিছু আয়ের বৃদ্ধি। এসবিআই রিসার্চ জানাচ্ছে, ২০৩০ সালের মধ্যে গড় ভারতীয়র বার্ষিক আয় ৩ লক্ষ ৬৩ হাজার টাকা বা ৪০০০ ডলার স্পর্শ করবে। অর্থনীতিবিদদের মতে, এই মাইলফলক ছুঁলেই ভারত নিম্ন মধ্যবিত্ত আয়ের তকমা ঝেড়ে ফেলে উচ্চ মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হবে।
ভারতের এই অর্থনৈতিক অগ্রগতির গ্রাফটি চোখে পড়ার মতো। স্বাধীনতার পর ভারতের অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে সময় নিয়েছিল দীর্ঘ ৬০ বছর। কিন্তু ২০১৪ সালের পর মাত্র ৭ বছরেই তা ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। ২০২১ সালে ৩ ট্রিলিয়ন এবং ২০২৫ সালের মধ্যেই ৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে ভারত ইতিহাস গড়েছে। বিশেষজ্ঞদের দাবি, আগামী ২ বছরের মধ্যেই ভারত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার স্বপ্ন পূরণ করবে।
মাথাপিছু আয়ের হিসেবেও এই বিশাল লাফ স্পষ্ট। ২০০৯ সালে ভারতের মাথাপিছু আয় ছিল ৯০ হাজার টাকা (১০০০ ডলার)। ২০১৯ সালে তা দ্বিগুণ হয়ে ১ লক্ষ ৮১ হাজার টাকা (২০০০ ডলার) হয়। ২০২৬ সালের মধ্যে এই অঙ্ক ২ লক্ষ ৭২ হাজার টাকা ছাড়িয়ে ২০৩০-এর মধ্যে ৪০০০ ডলারে পৌঁছাবে বলে নিশ্চিত বিশেষজ্ঞরা। এই অর্থনৈতিক উত্থান কেবল দেশের জিডিপি বাড়াবে না, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার মানকেও এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।