“বাংলা কি পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে?” কেতুগ্রামে দাঁড়িয়ে হিন্দুত্বের হুঙ্কার মিঠুন চক্রবর্তীর!

আগামী দিনে এই পশ্চিমবঙ্গ কি ‘পশ্চিম বাংলাদেশ’ হয়ে যাবে? শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ‘পরিবর্তন সংকল্প’ সভা থেকে এই ভাষাতেই রাজ্যবাসীকে সতর্ক করলেন বিজেপি নেতা তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী। তৃণমূল সরকারকে উৎখাত করতে এদিন হিন্দু সনাতনীদের একজোট হওয়ার ডাক দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের অন্তর্কোন্দল মিটিয়ে লড়াই করার পরামর্শ দেন তিনি।

“জানবেন আমাদের আর কোনো জায়গা নেই”: সভামঞ্চ থেকে মিঠুন বলেন, “কাল এই বাংলা কি পশ্চিমবঙ্গ থাকবে? এই ভয়েই আপনাদের কাছে ছুটে আসছি। হিন্দুরা যদি এবার একজোট না হয়, তবে জানবেন আমাদের আর কোনো জায়গা নেই।” দলীয় কোন্দল নিয়ে কর্মীদের সতর্ক করে তিনি বলেন, “আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকলে নির্বাচন পর্যন্ত সেটা মিটিয়ে নিন। একসঙ্গে লড়াই করে দেখিয়ে দিন যে আমরাও পারি।”

আইপ্যাক ও ইডি হানা নিয়ে শ্লেষ: এদিন আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি প্রসঙ্গেও সরব হন মিঠুন। তাঁর দাবি, “আইপ্যাকের অফিসে কী এমন ছিল যে তড়িঘড়ি সব ল্যাপটপ-ফাইল নিয়ে চলে এলেন? আমার ধারণা, সেখানে হিন্দু সনাতনীদের তাড়ানোর পরিকল্পনা ছিল অথবা কয়লা-বালি-শিক্ষার টাকা কোথায় গিয়েছে, তার সমস্ত তথ্য ছিল।” মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, কেন্দ্র সীমান্ত রক্ষার জন্য জমি চাইলেও রাজ্য তা দিচ্ছে না, ফলে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলের সৎ কর্মীদেরও বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার আহ্বান জানান মহাগুরু।

Saheli Saha
  • Saheli Saha