জামিন কি বাতিলের মুখে? বিচারপতি বদলানোর আর্জি খারিজ, সাভুক্কু শঙ্করের ওপর ক্ষুব্ধ আদালত

বিতর্কিত ইউটিউবার সাভুক্কু শঙ্করের জামিন বাতিল নিয়ে মাদ্রাজ হাইকোর্টে নাটকীয় মোড়। বিচারপতি পি. ভেলমুরুগান এবং বিচারপতি এম. জ্যোতিরমনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সাভুক্কু শঙ্করের মামলার শুনানি থেকে তারা সরবেন না। এমনকি আসামী পক্ষের আইনজীবীকে সতর্ক করে আদালত বলেছে, “আদালতকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না, ওসব কাজ এখানে হবে না।”
গত ১৩ ডিসেম্বর জালিয়াতির অভিযোগে গ্রেফতার হওয়া শঙ্করকে তাঁর মায়ের অসুস্থতার কারণে ৩ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল আদালত। কিন্তু পুলিশের অভিযোগ, জামিনের শর্ত ভেঙে শঙ্কর ক্রমাগত মানহানিকর ভিডিও পোস্ট করছেন এবং সাক্ষীদের ভয় দেখাচ্ছেন। এই অভিযোগে পুলিশ তাঁর জামিন বাতিলের আবেদন জানায়। গত সপ্তাহে শুনানির সময় বিচারপতিরা শঙ্করের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এবং পুলিশের কাছে সমস্ত তথ্যপ্রমাণ তলব করেন।
সোমবার শুনানির সময় শঙ্করের আইনজীবী দাবি করেন, বর্তমান বেঞ্চের ওপর তাঁদের আস্থা নেই, তাই মামলাটি অন্য বেঞ্চে পাঠানো হোক। এই দাবিতেই ক্ষুব্ধ হন বিচারপতিরা। তাঁরা সাফ জানান, আসামী পক্ষ চাইলে প্রধান বিচারপতির কাছে আপিল করতে পারে, কিন্তু তাঁরা এই মামলা থেকে সরছেন না। আজ, ২০ জানুয়ারি দুপুর পর্যন্ত মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে। আদালত এখন দেখবে জামিনের শর্ত লঙ্ঘন করে শঙ্কর সত্যিই কোনও অপরাধ করেছেন কি না।