উত্তরবঙ্গের রেলপথে বিপ্লব! শুরু হলো বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত এক্সপ্রেস, ভোল বদলে যাবে যাতায়াতের

উত্তরবঙ্গের রেল যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে একগুচ্ছ নতুন ট্রেনের উপহার পেল এই অঞ্চল। ১৭ জানুয়ারি ২০২৬-এ বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং ১৮ জানুয়ারি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনের মাধ্যমে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে এক নতুন যুগের সূচনা হলো। কলকাতা থেকে বেঙ্গালুরু কিংবা মুম্বই—দূরপাল্লার সফর এখন হবে আরও দ্রুত ও আরামদায়ক।

উৎসবের মেজাজে স্টেশন চত্বর: নিউ জলপাইগুড়ি (NJP), আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও থেকে শুরু করে রঙিয়া ও লামডিং—প্রতিটি স্টেশনেই নতুন ট্রেনগুলিকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। লোকসঙ্গীত, ঐতিহ্যবাহী নাচ আর বিপুল উচ্ছ্বাসের মাধ্যমে বরণ করে নেওয়া হয় আধুনিক এই ট্রেনগুলিকে। ভিস্টাডোম স্পেশাল ট্রেনের স্টপেজ বৃদ্ধি পাওয়ায় পর্যটন ব্যবসায়ীরাও বড় লাভের আশা করছেন।

বন্দে ভারত বনাম অমৃত ভারত: ভারতের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ ভ্যারিয়েন্ট নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছিল তুঙ্গে। অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা এবং বিমানের মতো আরামদায়ক কেবিন সমৃদ্ধ এই ট্রেন রাত্রিকালীন ভ্রমণের সংজ্ঞা বদলে দেবে। অন্যদিকে, সাধারণ মানুষের পকেটের কথা মাথায় রেখে ‘অমৃত ভারত এক্সপ্রেস’ আনা হয়েছে, যা কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। রেলের এই আধুনিকীকরণ উত্তর-পূর্ব ভারতের বাণিজ্যেও জোয়ার আনবে বলে মনে করা হচ্ছে।

Saheli Saha
  • Saheli Saha