এআর রহমানের পাশে পরেশ রাওয়াল! বির্তকের ঝড়ে সুরকারকে আগলে রাখলেন অভিনেতা; বললেন “আপনি আমাদের গর্ব”

বলিউডের মিউজিক ম্যাস্ট্রো এআর রহমান বর্তমানে এক নজিরবিহীন বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে সাম্প্রদায়িক বৈষম্য এবং কাজ না পাওয়া নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তা নিয়ে নেটপাড়ায় রীতিমতো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। শঙ্কর মহাদেবন থেকে কঙ্গনা রানাউত—একাধিক তারকা যখন সুরকারের সমালোচনায় সরব, ঠিক তখনই উল্টো পথে হেঁটে রহমানের সমর্থনে এগিয়ে এলেন প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল।
বিস্ফোরক মন্তব্য ও ট্রোলিং ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে, যেখানে রহমান আক্ষেপ করে বলেছিলেন যে সম্ভবত মুসলিম হওয়ার কারণেই তিনি বলিউডে কাজ পাচ্ছেন না। তাঁর এই ‘ধর্মীয় বৈষম্য’র অভিযোগ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা তাঁকে তীব্র ট্রোল করতে শুরু করেন। যদিও পরে তিনি ক্ষমা চেয়েছিলেন, কিন্তু বিতর্কের আগুন তাতে নেভেনি।
পরেশ রাওয়ালের ঢাল এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই পরেশ রাওয়াল ইনস্টাগ্রামে রহমানের একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন, যেখানে সুরকার নিজের দেশের প্রতি ভালোবাসা জাহির করছেন। ভিডিওটি পুনরায় শেয়ার করে পরেশ লিখেছেন, “আমরা আপনাকে ভালোবাসি স্যার। আপনি আমাদের গর্ব।” সাথে জুড়ে দিয়েছেন হাত জোড় করা ইমোজি। পরেশের এই পোস্টটি আসলে রহমানের দেশপ্রেম নিয়ে ওঠা প্রশ্নগুলোর একটি শান্ত কিন্তু জোরালো জবাব বলে মনে করছেন অনুরাগীরা।