দেশের প্রথম বন্দে ভারত স্লিপার! ১৪ ঘণ্টায় হাওড়া টু কামাখ্যা, টাইম টেবিল দেখে নিন

ভারতীয় রেলের মুকুটে নতুন পালক! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সময়সূচি প্রকাশ করল রেল মন্ত্রক। পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে সংযোগকারী এই অত্যাধুনিক ট্রেনটি হাওড়া ও কামাখ্যা স্টেশনের মধ্যে চলাচল করবে। আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক ট্রেনটির শুভ উদ্বোধন করতে চলেছেন।

টাইম টেবিল ও স্টপেজ: সপ্তাহে ৬ দিন চলাচল করবে এই ট্রেন। প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরদিন সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যা পৌঁছবে। ফিরতি পথে কামাখ্যা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে সকাল ৮টা ১৫ মিনিটে। মাত্র ১৪ ঘণ্টার এই যাত্রাপথে ১৩টি স্টেশনে থামবে ট্রেনটি। এর মধ্যে উল্লেখযোগ্য স্টপেজগুলি হলো— মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, এবং আজিমগঞ্জ।

ট্রেনের বিশেষত্ব: ১৬টি কোচের এই ট্রেনে থাকছে ফার্স্ট ক্লাস (১টি), টু-টিয়ার (৪টি) এবং থ্রি-টিয়ার (১১টি) এসি কোচ। মোট ৮২৩ জন যাত্রী একবারে যাতায়াত করতে পারবেন। এতে রয়েছে ওয়াই-ফাই সংযোগ, সিসিটিভি ক্যামেরা, ভ্যাকুয়াম টয়লেট এবং সেন্সর-ভিত্তিক দরজা। বিশেষ আকর্ষণ হিসেবে ফার্স্ট এসি কোচগুলোতে থাকছে গরম জলের শাওয়ারের সুবিধা। কাঞ্চনজঙ্ঘা বা সরাইঘাট এক্সপ্রেসের তুলনায় প্রায় ৩-৫ ঘণ্টা কম সময়ে গন্তব্যে পৌঁছে দেবে এই ‘সেমি-হাইস্পিড’ স্লিপার।